ইরানের তেল দখল করার ইঙ্গিত ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান দীর্ঘায়িত করা ও দেশটির তেল থেকে আয় করার সম্ভাবনার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে ভেনেজুয়েলার বিশাল তেলসম্পদের এক-পঞ্চমাংশের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক উদ্যোগের সঙ্গে তুলনা টেনেছেন তিনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) আয়ারল্যান্ড সফরে গিয়ে একদিকে বৈঠকে অংশ নেন ট্রাম্প, অন্যদিকে গলফ দেখতে যান। সেখানে তিনি আবারও বলেন, ইরান যুদ্ধ চলতি বছরেই শেষ হবে বলে তিনি আশা করছেন। তবে যুক্তরাষ্ট্রে নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের পরপরই যুদ্ধ শেষ হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

আয়ারল্যান্ড ওপেন গলফ চ্যাম্পিয়নশিপে কথা বলার সময় ট্রাম্প আরও বলেন, ইরান যুদ্ধ শেষ হলে যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম ‘পাথরের মতো দ্রুত’ কমে যাবে।

এদিকে, মধ্যপ্রাচ্যের অস্থিরতায় আন্তর্জাতিক তেলের বাজারেও ব্যাপক প্রভাব পড়েছে। সৌদি আরবের একটি তেল পাইপলাইনে হামলার পর সোমবার আবারও তেলের দাম বাড়তে পারে বলে ধারণা করছেন তেল ব্যবসায়ীরা।

ইরান নিয়ে আলোচনার প্রসঙ্গে ট্রাম্প বলেন, তিনি কেবল ‘সঠিক চুক্তি’ করবেন। এমন কোনো চুক্তিতে তিনি যাবেন না, যেটি ‘ভালো নয়’। তিনি আরও দাবি করেন, ইরান শান্তি আলোচনার জন্য ‘প্রতিনিয়ত’ যোগাযোগ করছে। তবে তেহরান অতীতে এমন দাবি নাকচ করেছে।

এর মধ্যেই ইরান নিয়ে আরেকটি সম্ভাব্য পথের কথা সামনে আনেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, যুক্তরাষ্ট্র চাইলে ইরানে সম্পৃক্ততা বজায় রাখতে পারে। এ সময় ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের করা চুক্তির উদাহরণ টানেন তিনি। গত আগস্টে ভেনেজুয়েলা নিয়ে ওই চুক্তির ঘোষণা দেওয়া হয়েছিল।

ট্রাম্প বলেন, শেষ পর্যন্ত আমরা ইরান থেকে বেরিয়ে আসব- যদি না আমরা সেখানে থেকে গিয়ে ভেনেজুয়েলার মতো তেল রেখে দেওয়ার সিদ্ধান্ত নিই। ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রের পাওয়া রাজস্বের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ওই আয় ‘অনেকবার যুদ্ধের খরচ’ পরিশোধ করেছে।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৩৩
পরবর্তী নিবন্ধকর্মসংস্থান ব্যাংক অফিসার্স এসোসিয়েশন এর সভাপতি ইকবাল ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর