ছাতকে ১ হাজার ৬৪০ কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ-সার বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি :

বোরো আবাদ ও উৎপাদন বাড়াতে ছাতকে ১ হাজার ৬৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে উচ্চফলনশীল জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ উদ্যোগ নিয়েছে উপজেলা কৃষি বিভাগ।


রোববার (২৯ নভেম্বর) ছাতক উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌফিক হোসেন খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিলন মিয়া, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান ও নজরুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সামসুর রহমান বাবুল, ইউপি চেয়ারম্যান নুরুল আলম, কয়েছ আহমেদ, সৈয়দ মো. জাহাঙ্গীর আলম ও উপজেলা কৃষক দলের আহ্বায়ক মনির উদ্দিনসহ উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন এলাকার কৃষকেরা।


উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌফিক হোসেন খান জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৬৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। এর মাধ্যমে কৃষকদের উন্নত জাতের বীজ ব্যবহারে উৎসাহিত করা সম্ভব হবে। পাশাপাশি বোরো আবাদ সম্প্রসারণ ও ধানের উৎপাদন বৃদ্ধিতেও এ উদ্যোগ সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধছাতকে ২৬৪ কোটি টাকার সড়ক প্রকল্পে নিরাপত্তার ঘাটতিতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
পরবর্তী নিবন্ধছাতকে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন