জেলা প্রতিনিধি
শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আরও একজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম নিজামউদ্দিন মৃধা। তিনি মাদারীপুর শিবচর উপজেলার শামসুদ্দিন মৌলভীকান্দি এলাকার দাদন মৃধার ছেলে।
রোববার ২৯ (নভেম্বর) ভোরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ব্যাপক ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও পুলিশের টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে প্রায় এক ঘণ্টা পদ্মা সেতুতে যান চলাচল বন্ধ থাকে।
এর আগে ভোরের দিকে এ সংঘর্ষের ঘটনায় ইব্রাহিম সিপাহী নামে একজন নিহত হন। তিনি শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের ঘোড়ারঘাট এলাকার হাফিজুর সিপাহীর ছেলে।
তারা দুজনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নাওডোবা এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পাশাপাশি ১৫-২০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষের একপর্যায়ে আওয়ামী লীগ সমর্থক ইব্রাহিম সিপাহী ও নিজামউদ্দিন মৃধা গুরুতর আহত হন। পরবর্তীতে তারা মারা যান।
এ ব্যাপারে শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকরাম এলাহী বলেন, ইব্রাহিম সিপাহী নামের এক যুবকের মরদেহ সদর হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ শরীফ-উজ-জামান বলেন, দুইজন নিহতের খবর পেয়েছি। একজন শরীয়তপুর জেলার, অপরজন মাদারীপুর জেলার। তারা দুইজন আওয়ামী লীগের সমর্থক বলে শুনতে পেয়েছি। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।


