নিজস্ব প্রতিবেদক

তরুণ উদ্যোক্তা খুঁজতে বাংলাদেশ ব্যাংকের;উদ্যোগ কর্মসূচির আওতায় উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কর্মশালা আয়োজন করেছে এসবিএসি ব্যাংক পিএলসি।
বৃহস্পতিবার বগুড়া সদর উপজেলার টিএমএসএস মহিলা মার্কেটের গোধূলী হলে এসবিএসি ব্যাংকের বগুড়া শাখা লিড আয়োজক হিসেবে এই কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া- ৬ আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা। বগুড়া জেলার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন, বাংলাদেশ ব্যাংকের বগুড়ার অফিসের অতিরিক্ত পরিচালক খালেদা দিলরুবা এবং এসবিএসি ব্যাংকের এসইভিপি ও রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশনের প্রধান মোঃ রাশেদ আকতার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন এসবিএসি ব্যাংকের বগুড়া শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুর রাজ্জাক। কর্মশালায় বগুড়ার বিভিন্ন ব্যাংকের অঞ্চল ও শাখা প্রধানসহ তিন শতাধিক সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা অংশ নেন।
এই কর্মশালার মাধ্যমে তৃণমূল পর্যায়ে প্রকৃত তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা, তাদের উদ্যোগকে উৎসাহিত করা এবং সহজ অর্থায়নের মাধ্যমে নতুন ব্যবসা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।


