জেলা প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের দাদির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি।
এক দফা সময় বাড়ানোর পর বুধবার (২৫ নভেম্বর) সকালে ১৫-২০ পৃষ্ঠার সিলগালা করা প্রতিবেদনটি ঢাকায় মন্ত্রণালয়ে পাঠানো হয়। বেলা ১১টার দিকে তদন্ত প্রতিবেদনটি মন্ত্রণালয়ে পৌঁছায় বলে জানা গেছে।
তবে তদন্তে আগুনের প্রকৃত কারণ শনাক্ত করতে পারেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। সম্ভাব্য ৪-৫টি কারণ চিহ্নিত করে সেগুলো ‘অধিকতর তদন্তের’ সুপারিশ করেছে কমিটি।
তদন্ত কমিটির প্রধান ও কুষ্টিয়া স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম প্রতিবেদন পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কমিটির সদস্যরা বৈঠক করে প্রতিবেদনটি চূড়ান্ত করার পর সিলগালা অবস্থায় ঢাকায় পাঠিয়েছেন। তবে গোপনীয়তার স্বার্থে প্রতিবেদনের বিষয়বস্তু নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
কমিটির অন্য তিন সদস্য হলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশনস) মেজর আসরারুল হক, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।
তদন্ত সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, কমিটি আগুনের প্রকৃত কারণ বা সূত্রপাত সুনির্দিষ্টভাবে শনাক্ত করতে না পারায় ঘটনাটির ‘অধিকতর তদন্তের’ সুপারিশ করেছে।
আগুনের সম্ভাব্য কারণগুলোর মধ্যে ঘরের ভেতর সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া ঘরের পুরোনো বৈদ্যুতিক তার থেকেও আগুন লাগার আশঙ্কা আছে।
নাম প্রকাশ না করার শর্তে তদন্ত কমিটিরা একজন সদস্য জানান, প্রতিবেদনে অগ্নিকাণ্ডের সম্ভাব্য চার থেকে পাঁচটি কারণ বিশ্লেষণ করে সেগুলোর ওপর আরও অধিকতর তদন্ত করার কথা বলা হয়েছে।


