বাংলাদেশসহ ১৬ অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশসহ ১৬ অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এসব দেশের শিল্প খাতে প্রয়োজনের তুলনায় বেশি উৎপাদন সক্ষমতা রয়েছে বলে অভিযোগ ট্রাম্প প্রশাসনের। এ বিষয়ে শেষ হওয়া একটি তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই নতুন শুল্ক আরোপ হতে পারে।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্র মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের সময় মঙ্গলবার বিকেলে (বাংলাদেশ সময় বুধবার রাতে) তদন্তের ফলাফল প্রকাশ হতে পারে।

খবরে বলা হয়েছে, মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) এমন কিছু নতুন শুল্কের প্রস্তাব দিতে যাচ্ছে, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আগে আরোপ করা শুল্কের সঙ্গে যুক্ত হবে।

গত ফেব্রুয়ারিতে ট্রাম্পের বেশ কিছু শুল্ক বাতিল করে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। নতুন এই শুল্ক আংশিকভাবে সেগুলোর জায়গা নেবে।

দেশভেদে আলাদা শুল্ক হার

নতুন শুল্কের হার কত হবে, তা এখনো স্পষ্ট নয়। তবে একটি সূত্র জানিয়েছে, প্রতিটি দেশের জন্য আলাদাভাবে শুল্কহার নির্ধারণ করা হবে। মেক্সিকো ও নরওয়ের পণ্যে তাৎক্ষণিকভাবে কোনো নতুন শুল্ক আরোপের সম্ভাবনা নেই।

১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার অধীনে যুক্তরাষ্ট্রের বড় বাণিজ্য অংশীদারদের বিরুদ্ধে এই তদন্ত চালিয়েছে ইউএসটিআর।

তবে হোয়াইট হাউজ চূড়ান্ত বাণিজ্য চুক্তিতে থাকা শুল্কের সর্বোচ্চ সীমা সম্মান করবে বলে জানা গেছে। যেমন- ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে সর্বোচ্চ ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার ক্ষেত্রে ১৯ শতাংশ শুল্ক সীমা বহাল থাকবে।

চীনা পণ্যের ওপর ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুল্ক সর্বোচ্চ ২০ শতাংশে সীমাবদ্ধ রাখার কথা রয়েছে। তবে ১০ জানুয়ারি শেষ হতে যাওয়া বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেই কেবল এটি কার্যকর থাকবে। মেয়াদ না বাড়লে চীনা পণ্যে শুল্ক আরও বাড়বে।

এ বিষয়ে হোয়াইট হাউজ ও ইউএসটিআর রয়টার্সের প্রশ্নের কোনো জবাব দেয়নি।

শুল্ক কতটা বাড়তে পারে

মার্কিন বাণিজ্য দপ্তরের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা রায়ান মাজেরাস মনে করেন, এই তদন্ত প্রতিবেদন বেশ দীর্ঘ হতে পারে। সেখানে ১৬টি দেশের জন্য আলাদা শুল্ক ব্যবস্থার সুপারিশ থাকতে পারে।

তিনি বলেন, যেসব দেশের বিভিন্ন খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা পাওয়া যাবে, তাদের পণ্যে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত উচ্চ শুল্ক প্রস্তাব করা হতে পারে। বাধ্যতামূলক শ্রমবিরোধী আইনে শিথিলতার অভিযোগে আগে আরোপ করা ১০ বা সাড়ে ১২ শতাংশ শুল্কের সঙ্গে এটি যুক্ত হবে।

তবে প্রশাসন শুরুতে কম শুল্ক আরোপ করে একটি শর্ত জুড়ে দিতে পারে বলেও তিনি মনে করেন। সে ক্ষেত্রে দেশগুলো অতিরিক্ত উৎপাদন না কমালে সময়ের সঙ্গে সঙ্গে শুল্কের হার স্বয়ংক্রিয়ভাবে বাড়তে থাকবে।

পূর্ববর্তী নিবন্ধআ.লীগ আমলের গুম-খুনের গণশুনানি করবে প্রসিকিউশন, রাজনৈতিক দলগুলোকে চিঠি