রূপপুরে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ

নিজস্ব প্রতিবেদক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেছে। টানা প্রায় ৩০ ঘণ্টায় ৩২০ মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ করেছে ইউনিটটি। এ বিদ্যুতের আনুমানিক মূল্য ৭ কোটি ৬ লাখ টাকা।

মঙ্গলবার বিকাল ৫টা ৫ মিনিটে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়।

জাতীয় সঞ্চালন লাইনের একাধিক সূত্র জানায়, দ্বিতীয় দফায় রূপপুরের প্রথম ইউনিট থেকে প্রায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। এ দফায় ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা ছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ অব্যাহত থাকে।

দ্বিতীয় দফায় বিদ্যুৎ সরবরাহ শেষে ইউনিটটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। বর্তমানে বিদ্যুৎ সরবরাহের সময় বিভিন্ন অপারেটিং প্যারামিটার, টারবাইন-জেনারেটর সিস্টেম ও সংশ্লিষ্ট যন্ত্রপাতির কার্যকারিতা বিশ্লেষণ করা হচ্ছে। এসব বিশ্লেষণের ফলাফলের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম নির্ধারণ করা হবে বলে জানিয়েছে নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)। বাংলাদেশ সংবাদ

এনপিসিবিএলের ব্যবস্থাপনা মো. জাহেদুল হাসান বলেন, দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হয়ে টানা ৩০ ঘণ্টা ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারা তাদের জন্য আনন্দ ও গর্বের। এটি প্রতিষ্ঠানের পরিচালন সক্ষমতা, প্রকৌশলী ও অপারেটরদের দক্ষতা এবং রাশিয়ান অপারেশনাল সহযোগীদের সঙ্গে সম্মিলিত প্রচেষ্টার ফল।

তিনি বলেন, বিদ্যুৎকেন্দ্রটির নিরাপদ, নির্ভরযোগ্য ও দক্ষ পরিচালনায় এনপিসিবিএল প্রতিশ্রুতিবদ্ধ। সর্বোচ্চ পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করে আন্তর্জাতিক মানদণ্ড ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসরণ করে পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

এ অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, রাশিয়ান সহযোগী প্রতিষ্ঠান, এনপিসিবিএলের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অভিনন্দন জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক
পরবর্তী নিবন্ধসশস্ত্র বাহিনী যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত: প্রধানমন্ত্রী