শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের দ্বিধার কারণ দেখছেন না তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাইলে তাকে প্রত্যর্পণে ভারতের দ্বিধা থাকার কথা নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চায়।

অন্যদিকে, শেখ হাসিনাও যদি দেশে ফিরতে চান, তাহলে তাঁকে প্রত্যর্পণে ভারতের আর কোনো দ্বিধা থাকার কথা নয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, শেখ হাসিনা বাংলাদেশে আসবেন কি না, সেই আলোচনা তার সঙ্গে নয়, ভারতের সঙ্গে। গুরুতর অপরাধে দণ্ডিত শেখ হাসিনা তার সহযোগীদের নিয়ে ভারতে অবস্থান করছেন।

তিনি শুধু অভিযুক্ত নন, দণ্ডিত। তার বিচারপ্রক্রিয়া শেষ হয়েছে এবং তিনি দোষী সাব্যস্ত হয়ে সাজা পেয়েছেন।
শেখ হাসিনাকে কীভাবে বাংলাদেশে ফেরানো হবে, সেটি ভারতের সঙ্গে আলোচনার বিষয় উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, তিনি বাংলাদেশ বিমানে আসবেন, অন্য কোনো বিমানে আসবেন, নাকি অন্য কোনো উপায়ে তাকে হস্তান্তর করা হবে-সেটি দুই দেশের আলোচনার বিষয়।

উপদেষ্টা বলেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে তার আদালতে যাওয়ার বা আইনি জটিলতার মধ্যে থাকার কোনো কারণ তিনি দেখছেন না। তাকে প্রত্যর্পণ করে দিলেই হয়।

প্রত্যর্পণে ভারতের আইনি জটিলতার প্রসঙ্গে তিনি বলেন, আমি একজন দণ্ডিত অপরাধীকে প্রত্যর্পণ করতে চাইছি। ভারত প্রায়ই বলত, এ ক্ষেত্রে আইনি বিষয় আছে। কিন্তু এখন শেখ হাসিনাকে প্রত্যর্পণে আর কোনো সমস্যা থাকার কথা নয়।

তিনি আরও বলেন, ভারত তাকে জোর করে প্রত্যর্পণ করছে, বিষয়টি এমন নয়। শেখ হাসিনা বলছেন, তিনি যেতে চান, বাংলাদেশও তাকে ফেরত চায়। দুই পক্ষের অবস্থান মিলে গেলে তাকে হস্তান্তরে বাধা কোথায়? ভারতেরও তাকে খুশিমনে প্রত্যর্পণ করে দেওয়া উচিত।

শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে সরকারের সদিচ্ছা নেই-আওয়ামী লীগের নেতাকর্মীদের এমন প্রচারণার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সরকার যদি তাকে ফেরত না চাইত, তাহলে বারবার প্রত্যর্পণের কথা বলত না। বাংলাদেশ তার অবস্থান স্পষ্ট করেছে। এখন শেখ হাসিনা যদি ভারতকে বলেন যে তিনি প্রত্যর্পিত হতে চান না, সেটি ভিন্ন বিষয়।

গোপালগঞ্জের সহিংসতায় জড়িতদের ছাড় নয়

গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তিনি বলেন, হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ, থানায় হামলা ও অন্যান্য ফৌজদারি অপরাধের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। তবে এসব পদক্ষেপে প্রতিহিংসার কোনো বিষয় থাকবে না।

জাহেদ উর রহমান বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি আগের তুলনায় অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। সেখানে অপরাধমূলক কর্মকাণ্ড ও সহিংসতার মাত্রা অনেক কমেছে, প্রায় নেই বললেই চলে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে বলে সরকার আশা করছে।

পুলিশের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি গণতান্ত্রিক সরকার, স্বৈরাচারী সরকার নয়। পুলিশ বল প্রয়োগ করতে পারে, তবে তা হতে হবে আনুপাতিক; কোনোভাবেই মাত্রাতিরিক্ত হওয়া যাবে না।

সহিংসতার ঘটনায় গ্রেপ্তার ও বিচার কার্যক্রম সম্পর্কে উপদেষ্টা বলেন, যেকোনো হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের গ্রেপ্তার ও বিচার হবে। তবে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে কিছুটা সময় দিতে হবে। সবকিছু তাৎক্ষণিকভাবে করা সম্ভব নয়।

তিনি বলেন, কোনো হত্যাকাণ্ড, বাড়িতে বা থানায় অগ্নিসংযোগ কিংবা পুলিশের গাড়িতে হামলার ঘটনা কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ন্যায়বিচারের স্বার্থে এসব অপরাধের বিচার হবে। তবে এর মধ্যে প্রতিহিংসার কোনো বিষয় নেই।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় গোপালগঞ্জে রাজনৈতিক পরিচয়ের কারণে কয়েকটি পরিবারের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ নিয়েও কথা বলেন তিনি। এসব ঘটনায় মামলা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, মামলাগুলোর তদন্ত ও গ্রেপ্তারের কাজ শুরু হয়েছে। সময়ের সঙ্গে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানানো হবে।

গোপালগঞ্জে সাধারণ মানুষের নিরাপত্তা ও সেবা কার্যক্রম ব্যাহত হওয়ার বিষয়ে তিনি বলেন, সেখানে অনেক সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। পরিস্থিতি স্বাভাবিক করা এবং প্রয়োজনীয় সেবা পুনরুদ্ধারে সরকার কাজ করবে।

পূর্ববর্তী নিবন্ধসাইবার নিরাপত্তা আইনের আপত্তিকর ধারা নি‌য়ে পর্যালোচনা কর‌ছে সরকার: আইনমন্ত্রী
পরবর্তী নিবন্ধশেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কোন বিমানে আসবেন পরের বিষয়