আবাসন খাতে রাজনৈতিক প্রভাব ও যোগসাজশে গড়ে উঠেছে মাফিয়াতন্ত্র : টিআইবি

নিজস্ব প্রতিবেদক

রাজনৈতিক প্রভাব, মধ্যস্বত্বভোগী এবং প্রশাসনের একাংশের যোগসাজশে বেসরকারি আবাসন খাতে একধরনের মাফিয়াতন্ত্র গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেছেন, এই গোষ্ঠীগুলো শুধু ব্যবসায়িক কার্যক্রমেই প্রভাব বিস্তার করছে না, নীতিনির্ধারণী কাঠামোকেও প্রভাবিত করছে। ফলে আবাসন খাতে দুর্নীতি, অনিয়ম, জবরদখল ও প্রতারণা বাড়ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ জমি ও প্লটের ক্রেতারা।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবি আয়োজিত ‘ঢাকা শহরে বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নে সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ড. ইফতেখারুজ্জামান।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, আবাসনের ক্রমবর্ধমান চাহিদা পূরণে রাষ্ট্র ব্যর্থ হওয়ায় বেসরকারি আবাসন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নাগরিকের আশ্রয় ও আবাসনের সুযোগ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু রাষ্ট্র এককভাবে এই চাহিদা পূরণ করতে পারেনি। ফলে তৈরি হওয়া শূন্যস্থান পূরণে বেসরকারি উদ্যোক্তারা এগিয়ে এসেছেন। অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় অর্থনীতিতেও এ খাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, জাতীয় অর্থনীতিতে আবাসন খাতের অবদান প্রায় ১ লাখ ৩৭ হাজার কোটি টাকা। তবে ইতিবাচক অবদানের পাশাপাশি এ খাতের একাংশে দুর্নীতি, অনিয়ম, হয়রানি, জবরদখল ও অর্থ আত্মসাতের ঘটনাও রয়েছে।

ড. ইফতেখারুজ্জামান বলেন, টিআইবির গবেষণায় রিয়েল এস্টেট খাতের সুশাসনের ছয়টি নির্দেশক—আইনের শাসন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও কার্যকারিতা, স্বচ্ছতা, অংশগ্রহণ ও অংশীজনদের সম্পৃক্ততা, জবাবদিহি এবং দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ—প্রতিটি ক্ষেত্রেই ব্যাপক ঘাটতি পাওয়া গেছে। কিছু প্রতিষ্ঠান আইএসও বা লিড সনদপ্রাপ্ত হওয়ার দাবি করলেও সামগ্রিকভাবে আইনের যথাযথ প্রয়োগ, তথ্য প্রকাশ, স্বচ্ছতা ও জবাবদিহির অভাব রয়েছে। তবে এসব ঘাটতি সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য নয়।

তিনি বলেন, রিয়েল এস্টেট খাত নিয়ন্ত্রণে আইন থাকলেও সেগুলোর মধ্যে ঘাটতি রয়েছে। আবার বিদ্যমান আইনেরও যথাযথ প্রয়োগ হচ্ছে না। আইনের দুর্বলতা ও প্রয়োগের ঘাটতির সুযোগে প্রতিষ্ঠানগুলোর একটি অংশ অনিয়ন্ত্রিত ও জবাবদিহিহীনভাবে ব্যবসা পরিচালনা করছে। এ ক্ষেত্রে নিয়ন্ত্রণকারী সংস্থা, প্রশাসনের একাংশ এবং ইউটিলিটি কর্তৃপক্ষের মধ্যেও স্বচ্ছতা, সক্ষমতা ও সদিচ্ছার অভাব রয়েছে। কোথাও কোথাও সংশ্লিষ্ট পক্ষগুলোর যোগসাজশে অনিয়ম ও প্রতারণা সংঘটিত হচ্ছে।

প্রকল্পের স্থান নির্বাচন, জমি নির্ধারণ ও ক্রয়, জমি দখল, প্রকল্পের অনুমোদন, বাস্তবায়ন এবং প্লট হস্তান্তর—পুরো প্রক্রিয়ায় পদ্ধতিগত দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত পাওয়া গেছে বলে জানান ড. ইফতেখারুজ্জামান। তার ভাষ্য, এসব অনিয়ম অনেক ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। ফলে সাধারণ ক্রেতারা কার্যত আবাসন প্রতিষ্ঠানগুলোর কাছে জিম্মি হয়ে পড়ছেন। জমির মালিক ও প্লট কিনতে আগ্রহী ব্যক্তিদের অধিকারও বিভিন্নভাবে ক্ষুণ্ন হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুর থানায় আগুনের অভিযোগে অতিরিক্ত এসপি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধএকনেকে ২৪ হাজার কোটি টাকা ব্যয়ে ১০ প্রকল্প অনুমোদন