দেশের ব্যাংক খাতে খেলাপি ও শ্রেণিকৃত ঋণের পরিমাণ আরও বেড়েছে। গত সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর মোট শ্রেণিকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ। অর্থাৎ ব্যাংক খাতের বিতরণ করা ঋণের প্রায় ৩৪ শতাংশই এখন ঝুঁকিপূর্ণ ঋণে পরিণত হয়েছে।
তিন মাসে শ্রেণিকৃত ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। একই সময়ে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ৯৫৫ কোটি টাকা। মোট ঋণের বিপরীতে খেলাপি ঋণের হারও বেড়ে হয়েছে ৩২ দশমিক ১৯ শতাংশ।
সোমবার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। গত জুন শেষে এই ঋণের পরিমাণ ছিল ১৮ লাখ ৫০ হাজার ৫৯৫ কোটি টাকা। তিন মাসে ব্যাংকগুলোর ঋণ বেড়েছে ৫ হাজার ৫৭৪ কোটি টাকা। বিপরীতে শ্রেণিকৃত ঋণ বেড়েছে প্রায় ২১ হাজার কোটি টাকা।
গত জুন শেষে ব্যাংক খাতে শ্রেণিকৃত ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। সেপ্টেম্বর শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। এ সময়ে শ্রেণিকৃত ঋণের হার ৩২ দশমিক ৭৮ শতাংশ থেকে বেড়ে ৩৩ দশমিক ৮০ শতাংশ হয়েছে। অর্থাৎ তিন মাসে শ্রেণিকৃত ঋণের হার বেড়েছে ১ দশমিক ০২ শতাংশ পয়েন্ট। নীট শ্রেণিকৃত ঋণের হার দাঁড়িয়েছে ১৬ দশমিক ১২ শতাংশ।


