নিজস্ব প্রতিবেদক
তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত বোর্ডের স্থগিত তৃতীয় সভা আজ সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে। রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে এ বৈঠক বসবে।
১ নভেম্বর বোর্ড গঠনের পর ৪ নভেম্বর প্রথম সভা অনুষ্ঠিত হয়। ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়।
এরপর ১৬ নভেম্বর নির্ধারিত তৃতীয় সভা স্থগিত হয়। আজকের বৈঠকে মালিকপক্ষ লিখিত মজুরি প্রস্তাব জমা দেবে বলে আশা প্রকাশ করেছেন বোর্ডের চেয়ারম্যান।
সূত্র জানায়, সভার আলোচ্যসূচিতে দুটি বিষয় রয়েছে। এগুলো হলো- গার্মেন্টসশিল্পের মালিকপক্ষের প্রতিনিধি কর্তৃক মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিল এবং এ শিল্পের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা।
বোর্ডের পক্ষ থেকে সংশ্লিষ্ট সদস্যদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
কারখানাগুলোর আর্থিক সক্ষমতা ও শিল্পাঞ্চলের পরিস্থিতি পর্যালোচনার জন্য সময় নিয়েছিলেন মালিকরা। তবে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানিয়েছেন, আজকের সভায় মালিকপক্ষ প্রস্তাব জমা না দিলেও বোর্ড বসে থাকবে না। আইনানুগ প্রক্রিয়া, জীবনযাত্রার ব্যয় ও উৎপাদন খরচের সূচক বিবেচনায় নিয়েই চূড়ান্ত সুপারিশ তৈরি করা হবে।
একটি খসড়া বা প্রাথমিক আলোচনায় ইপিজেড ও বিডা নিবন্ধিত কারখানাগুলোর জন্য অঞ্চলভেদে ভিন্ন মজুরির ধারণা পাওয়া গেছে। এতে ঢাকা ও চট্টগ্রামের জন্য ১৬ হাজার ৬০৫ টাকা, সিলেট ও কুমিল্লার জন্য ১৫ হাজার ৭৪৪ টাকা, খুলনা ও বরিশালের জন্য ১৪ হাজার ৭০৬ টাকা এবং রংপুর, দিনাজপুর ও রাজশাহীর জন্য ১৩ হাজার ৫৩০ টাকা নিম্নতম মজুরির প্রস্তাব রয়েছে। পাশাপাশি বছরে ৫ শতাংশ ইনক্রিমেন্টের প্রস্তাবের তথ্যও জানা গেছে।
এর আগে গত ১৮ নভেম্বর সংবাদ সম্মেলনে পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের সুপারিশ করে সিপিডি। বর্তমানে পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা, যা ২০২৩ সালের নভেম্বরে নির্ধারণ করা হয়েছিল। নতুন মজুরি কাঠামো ডিসেম্বর ২০২৬ থেকে কার্যকর করার প্রত্যাশা করা হচ্ছে।
মালিকপক্ষের মজুরি প্রস্তাবকে কেন্দ্র করে আজকের সভাটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তৃতীয় সভা স্থগিতের অনিবার্য কারণ হিসেবে যা-ই বলা হোক, এর পেছনে ছিল মালিকপক্ষের মজুরি প্রস্তাব ও তা নিয়ে সৃষ্ট পরিস্থিতির আশঙ্কা। তবে ১৬ নভেম্বরের সভা স্থগিতের পর শ্রমিকদের অপ্রত্যাশিত প্রতিক্রিয়া দেখা দেয়। সেই পরিস্থিতির রেশ এখনো কাটেনি।
মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর কয়েকজন নেতার সঙ্গে কথা বলে এসব বিষয়ে আভাস পাওয়া গেছে।
সূত্র জানায়, সম্প্রতি দুই সংগঠনের যৌথ মতবিনিময় সভায় মালিকদের কাছে জানতে চাওয়া হয়, নিম্নতম মজুরি কত টাকা দেওয়ার সামর্থ্য তাদের রয়েছে। জবাবে অধিকাংশ মালিক ১৫ হাজার টাকা দেওয়ার সক্ষমতার কথা জানান। তবে শেষ পর্যন্ত মালিকপক্ষ ১৫ থেকে ১৬ হাজার টাকার মধ্যে প্রাথমিক মজুরি প্রস্তাব দিতে পারে। পরে দর-কষাকষির মাধ্যমে প্রয়োজনে তা বাড়ানোর সুযোগ রাখা হবে। এমনকি অতীতে সরকারের প্রধান শেষ পর্যন্ত যাতে কিছুটা সংশ্লিষ্ট হতে পারেন, সে বিষয়েও কিছুটা সুযোগ রাখতে চায় মালিকপক্ষ।


