আইসিজের রায়কে সমর্থন দিলো মিয়ানমারের জাতীয় ঐক্য সরকার

আন্তর্জাতিক

মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে স্বাগত জানিয়েছে দেশটির জাতীয় ঐক্য সরকার (এনইউজি)। রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে এটিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে তারা।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে এনইউজি বলেছে, রোহিঙ্গাদের দুর্ভোগের বিষয়টি বিশ্বের সর্বোচ্চ আদালতে উঠে আসা গণহত্যা প্রতিরোধ, আন্তর্জাতিক আইন রক্ষা এবং অপরাধীদের বিচারের আওতায় আনার দায়িত্বকে আবারও সামনে এনেছে।

এনইউজি মিয়ানমারের সামরিক অভ্যুত্থানবিরোধী রাজনৈতিক নেতাদের গঠিত একটি ছায়া সরকার।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর অং সান সু চির দলসহ বিভিন্ন রাজনৈতিক শক্তির নেতারা মিলে এটি গঠন করেন। বিবৃতিতে আদালতের কর্তৃত্ব ও রায়ের প্রতি শ্রদ্ধা জানানোর কথা জানিয়েছে সরকারটি।

এছাড়া, ২০২১ সালে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন শুরুর পর থেকেই আইনের শাসন, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছে এনইউজি।

একই সঙ্গে, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) পর্যবেক্ষণ ও নির্দেশনাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করার কথাও বলেছে তারা।

অন্যদিকে, মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে জান্তা সরকারের সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে এনইউজি। তাদের অভিযোগ, রাখাইন, চিন, কাচিন, কারেনি, কারেন ও শানসহ বিভিন্ন এলাকায় নিয়মিত বিমান হামলা চালানো হচ্ছে।

এসব হামলার পাশাপাশি হত্যা, আটক, নির্যাতন ও বাস্তুচ্যুতির ঘটনাও ঘটছে। এমনকি হাসপাতাল, স্কুল, মঠ ও গির্জার মতো স্থাপনাও হামলার শিকার হচ্ছে বলে জানানো হয় বিবৃতিতে।

এসব সহিংসতা বন্ধে জান্তা সরকারের কাছে অস্ত্র, বিমান চলাচলের জ্বালানি ও অর্থের সরবরাহ বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে এনইউজি।

পূর্ববর্তী নিবন্ধ‘জয় বাংলা’ হচ্ছে আওয়ামী লীগের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধআইসিজের রায় না মানলে পরিণতি ভালো হবে না: পররাষ্ট্রমন্ত্রী