আইসিজের রায় না মানলে পরিণতি ভালো হবে না: পররাষ্ট্রমন্ত্রী

জেলা প্রতিনিধি

রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় মেনে চলতে মিয়ানমার বাধ্য। অন্যথায় দেশটির জন্য পরিণতি ভালো হবে না বলে সতর্ক করেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায় ঘোষণার পরদিন শুক্রবার (২০ নভেম্বর) কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন। সকাল পৌনে ৯টার দিকে তিনি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছালে রোহিঙ্গারা তাকে স্বাগত জানান।

এ সময় তিনি শরণার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দীর্ঘদিনের দুর্ভোগ, নিরাপত্তাহীনতা ও নিজ দেশে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা শোনেন।
সফরকালে ড. খলিলুর রহমান বলেন, বিশেষ একটি সময়ে ও ঐতিহাসিক মুহূর্তে তিনি রোহিঙ্গা ক্যাম্পে এসেছেন।

এর আগের দিন আন্তর্জাতিক বিচার আদালত মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার মামলায় রায় দিয়েছেন। আদালতের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
রায়ের বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর গণহত্যা ও নির্যাতনের জন্য দায়ীদের বিচারের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে। আইসিজের রায় মেনে চলতে মিয়ানমার বাধ্য। অন্যথায় পরিণতি ভালো হবে না।

তিনি আরও বলেন, গণহত্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ন্যায়বিচার ও উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে রোহিঙ্গাদের হারানো অধিকার, পরিচয় ও মর্যাদা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা জরুরি। মিয়ানমারের রাখাইন রাজ্যে ফিরে যাওয়ার পর যেন তারা আবার নির্যাতন, নিপীড়ন ও বৈষম্যের শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।

এ জন্য প্রত্যাবাসনের আগে ও পরে রোহিঙ্গাদের নিরাপত্তা, নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা এবং মৌলিক অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

ড. খলিলুর রহমান বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার উপযোগী পরিবেশ তৈরি করতে হবে। এমন পরিস্থিতি নিশ্চিত করতে হবে, যাতে তারা ভয়ভীতি ছাড়াই নিজেদের অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারেন।

এদিকে ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সভাপতি কিন মং বলেন, বাংলাদেশ সরকার ও এ দেশের মানুষ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে তাদের জীবন বাঁচিয়েছেন। এ জন্য বাংলাদেশের প্রতি তারা কৃতজ্ঞ। তবে অনির্দিষ্টকাল শরণার্থীশিবিরে থাকতে চান না তারা।

কিন মং বলেন, রোহিঙ্গাদের চূড়ান্ত লক্ষ্য মিয়ানমারে নিজেদের বাড়িতে ফিরে যাওয়া। এ জন্য তাদের নাগরিকত্ব, নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধ‘জয় বাংলা’ হচ্ছে আওয়ামী লীগের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধস্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি