আন্তর্জাতিক ডেস্ক
শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পন্নুনের করা মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও দেশটির গোয়েন্দা সংস্থা ‘র’-এর সাবেক প্রধান সামন্ত গোয়েলকে সমন পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। ওয়াশিংটনে ভারতের দূতাবাসে কূটনৈতিক চ্যানেলে এ সমন পাঠানো হয়েছে।
২৮ অক্টোবর নিউইয়র্কের একটি আদালতে জমা দেওয়া নথিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর সমন পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে ৯ অক্টোবর ভারতীয় দূতাবাসে এ বিষয়ে একটি কূটনৈতিক নোট পাঠানো হয়।
পন্নুন নিষিদ্ধ সংগঠন শিখস ফর জাস্টিসের (এসএফজে) আইনি পরামর্শক। তার অভিযোগ, ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর মাধ্যমে তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। এ ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে তিনি যুক্তরাষ্ট্রের আদালতে দেওয়ানি মামলা করেছেন। মামলায় অজিত দোভাল ও সামন্ত গোয়েলসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।
তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, ভারতীয় দূতাবাসে কূটনৈতিক নোট পাঠানো আদালতের নির্দেশনা অনুযায়ী একটি নিয়মিত প্রক্রিয়া। এর অর্থ এই নয় যে, যুক্তরাষ্ট্র মামলার অভিযোগের পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থান নিয়েছে।
ভারত সরকার পন্নুনের অভিযোগকে ‘অযৌক্তিক ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে। দেশটি বরাবরই এ ঘটনায় ভারতীয় কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে। পন্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ
পন্নুনকে হত্যার কথিত ষড়যন্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তদন্তের পর এ মামলা করা হয়। এ ঘটনায় ভারতের নাগরিক নিখিল গুপ্তকে গ্রেপ্তার করা হয়েছিল।


