ভাসানীকে জাতির পিতা ঘোষণাসহ একগুচ্ছ দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

সুনামগঞ্জ প্রতিনিধি:

মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে জাতির পিতা ঘোষণা, তাঁর ৫০তম মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীকে মরণোত্তর ফিল্ড মার্শাল উপাধি দেওয়াসহ একগুচ্ছ দাবি জানিয়েছে ভাসানী ওসমানী স্মৃতি সংসদ বাংলাদেশ।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন সংগঠনটির নেতারা। জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আমিনুল ইসলাম বকুল।

এ সময় উপস্থিত ছিলেন এম এ আলী জালালাবাদী, তালুকদার মকবুল হোসেন, জাহিদ নুর, মোহাম্মদ মিরাজ মিয়াসহ অন্যরা।স্মারকলিপিতে বলা হয়, মাওলানা ভাসানী ছিলেন উপমহাদেশের রাজনীতির এক প্রভাবশালী ব্যক্তিত্ব।

ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তান আমল এবং স্বাধীন বাংলাদেশে তিন সময়েই তিনি সক্রিয় রাজনৈতিক ভূমিকা পালন করেছেন। শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন তিনি।

আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। তাঁর রাজনৈতিক জীবনের ঐতিহাসিক অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে রাষ্ট্রীয়ভাবে তাঁর জন্ম ও মৃত্যুবার্ষিকী পালনের দাবি জানানো হয়।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানী। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাঁর নেতৃত্ব ও অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে মরণোত্তর রাষ্ট্রীয় সর্বোচ্চ সামরিক সম্মান ‘ফিল্ড মার্শাল’ পদমর্যাদা দেওয়ার দাবি জানানো হয়েছে।এ ছাড়া চট্টগ্রাম ক্যান্টনমেন্টের নাম পরিবর্তন করে ‘চট্টগ্রাম বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানী ক্যান্টনমেন্ট’ করার প্রস্তাব করা হয়।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে ওসমানীর অনুপস্থিতি এবং তাঁকে বহনকারী হেলিকপ্টারে হামলার অভিযোগের বিচার বিভাগীয় তদন্তেরও দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে।সংগঠনটির অন্যান্য দাবির মধ্যে রয়েছে সরকারি-বেসরকারি অফিস, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠানে মাওলানা ভাসানী ও জেনারেল ওসমানীর প্রতিকৃতি স্থাপন এবং তাঁদের জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন।

নেতারা মনে করেন, দেশের রাজনৈতিক ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে এই দুই জাতীয় ব্যক্তিত্বের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা প্রয়োজন। তাঁদের মতে, রাষ্ট্রীয় উদ্যোগে স্মরণ ও স্বীকৃতির ব্যবস্থা করা হলে নতুন প্রজন্ম দেশের ইতিহাস ও জাতীয় নেতৃত্ব সম্পর্কে আরও সচেতন হওয়ার সুযোগ পাবে।

পূর্ববর্তী নিবন্ধফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪