নিজস্ব প্রতিবেদক

বিশিষ্ট ব্যাংকার শাফিউজ্জামান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি – এর অতিরিক্ত
ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। ব্যাংকিং খাতে প্রায় ৩১ বছরের
অভিজ্ঞতাসম্পন্ন শাফিউজ্জামান দেশীয় ও বহুজাতিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে
বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। করপোরেট ব্যাংকিং, রিলেশনশিপ
ম্যানেজমেন্ট, বিনিয়োগ ঝুকি ব্যবস্থাপনা, বিনিয়োগ প্রশাসন এবং বিনিয়োগ আদায়
কার্যক্রমে রয়েছে তাঁর ব্যাপক অভিজ্ঞতা।
দীর্ঘ কর্মজীবনে তিনি প্রায় ১৪ বছর বিভিন্ন শাখার প্রধান, ১০ বছর বিভিন্ন বিভাগের
প্রধান এবং প্রায় দেড় বছর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ভারপ্রাপ্ত সিইও হিসেবে
দায়িত্ব পালন করেছেন। এ সময়ে তিনি ঢাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ করপোরেট শাখার
নেতৃত্ব দেওয়ার পাশাপাশি করপোরেট অ্যাসেট মার্কেটিং, বিনিয়োগ ঝুকি ব্যবস্থাপনা,
বিনিয়োগ প্রশাসন ও স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব
পালন করেন।
এ ছাড়া ব্যাংকিং কার্যক্রম পরিচালনা ও করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর)
কার্যক্রম তদারকির অভিজ্ঞতাও রয়েছে তাঁর। ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন, পরিচালন দক্ষতা বৃদ্ধি,
সেন্ট্রালাইজড ব্যাংকিং কার্যক্রম চালু এবং নতুন ও উদ্ভাবনী অ্যাসেট ও লায়াবিলিটি
পণ্য প্রবর্তনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
জনাব শাফিউজ্জামান ১৯৯৪ সালে তৎকালীন ইউনাইটেড লিজিং কোম্পানি লিমিটেডে
(বর্তমানে ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি) এক্সিকিউটিভ হিসেবে কর্মজীবন শুরু করেন।
পরবর্তী সময়ে তিনি প্রায় ১৪ বছর ওয়ান ব্যাংক পিএলসি এবং প্রায় ১০ বছর ব্যাংক এশিয়া
পিএলসিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এসব প্রতিষ্ঠানে ব্যবসায়িক
উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও পরিচালন উৎকর্ষ অর্জনে তিনি উল্লেখযোগ্য অবদান
রাখেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)
থেকে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ডিগ্রি অর্জন করেন।


