আন্তর্জাতিক ডেস্ক
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ সামরিকভাবে কার্যত শেষ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) ওয়াশিংটন ডিসিতে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আকস্মিক এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘সামরিকভাবে ইরান (যুদ্ধ) কার্যত শেষ। আমরা এখনকার পরিস্থিতি বজায় রাখছি। মূলত প্রতিবেশী দেশগুলোর অনুরোধেই এমনটা করা হচ্ছে।’
ট্রাম্পের এ বক্তব্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, মধ্যপ্রাচ্যের মিত্রদেশগুলোর চাপের মুখে ইরানের সঙ্গে সংঘাত কমানোর পথে হাঁটছে যুক্তরাষ্ট্র।
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক
ট্রাম্পের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল থানি।
বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কাতারের প্রধানমন্ত্রী বলেন, বৈঠকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা এগিয়ে নেওয়ার উপায় নিয়ে কথা হয়েছে।
তিনি বলেন, একটি চুক্তিতে পৌঁছানো এবং অঞ্চলটিতে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী ট্রাম্পের কাছে যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া দুইদিনের একটি প্রস্তাব তুলে ধরেন।


