আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ভরাডুবির পর মন্ত্রিসভায় আরও কয়েকটি পরিবর্তন আনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কয়েকজন মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন আসতে পারে।
তবে কাদের সরানো হবে, সে বিষয়ে কিছু জানাননি তিনি।
সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে রোববার প্রচারিত হওয়ার কথা রয়েছে সাক্ষাৎকারটি।
উপস্থাপক রস ডুথাট তাকে জিজ্ঞাসা করেন, তিনি আরও কয়েকজনকে বরখাস্ত করার কথা ভাবছেন কি না। জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ।
’
তিনি আরও বলেন, ‘আমি আমার মন্ত্রিসভাকে ভালোবাসি। আমার মনে হয় তারা ভালো কাজ করছেন।
তবে কয়েকটি পরিবর্তন আনতে পারি। কাদের পরিবর্তন করব, তা বলতে চাই না।’
সাক্ষাৎকারের দিনই ট্রাম্প ঘোষণা করেন, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইলসের স্থলাভিষিক্ত হচ্ছেন তার ঘনিষ্ঠ সহযোগী স্টিফেন মিলার। এর আগে তিনি জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ট্রাম্পের অভিবাসননীতির পরিকল্পনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্য দলের কয়েকজন নেতা প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে দায়ী করেছেন। তার ওপর আস্থা আছে কি না, এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘আছে। দেখুন, আমরা দুটি যুদ্ধে জিতেছি।’
শুক্রবার পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প দাবি করেন, নির্বাচনের কারণে ওয়াইলসকে সরানো হচ্ছে না। তিনি বলেন, ‘এটা শুধু সময়ের ব্যাপার। কখনো কখনো পরিবর্তন আনতে হয়।’
নতুন চিফ অব স্টাফ স্টিফেন মিলারের প্রশংসা করে ট্রাম্প তাকে ‘দারুণ যোদ্ধা’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘শুরু থেকেই সে আমার সঙ্গে আছে। সে অত্যন্ত অনুগত, বুদ্ধিমান এবং ভালো কাজ করে। প্রতি বছরই সে দলের সেরা খেলোয়াড়দের একজন। তার কাজ নিয়ে আমরা খুবই সন্তুষ্ট।’


