১ নভেম্বর থেকে উন্মুক্ত সেন্টমার্টিন, দৈনিক যেতে পারবেন ৩৫০০ পর্যটক

নিজস্ব প্রতিবেদক

আগামী ১ নভেম্বর থেকে খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপে দৈনিক সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটক যাতায়াত করতে পারবেন।গতবারের মতো এবারও নভেম্বর মাসে সেন্টমার্টিন দ্বীপে রাতে থাকতে পারবেন না পর্যটকরা। তাদের দিনে গিয়ে দিনেই সেন্টমার্টিন থেকে ফিরে আসতে হবে। এতে পর্যটকরা দ্বীপে নেমে কোথাও ঘোরার সুযোগ পাবেন খুবই কম।শুধু তাই নয়, গত বছরের মতো কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকেই পর্যটক বোঝাই করে সেন্টমার্টিন যাবে জাহাজ। ফলে, অতীতের মতো সাগরে কয়েক ঘণ্টা বেশি সময় ব্যয় করতে হবে পর্যটকদের। পর্যটকরা ১ ডিসেম্বর থেকে সেন্টমার্টিন দ্বীপে রাতে থাকতে পারবেন।  এছাড়া প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে।

বিষয়টি নিশ্চিত করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরীনা রহমান বলেন, সেন্টমার্টিন খুলে দেওয়া হলেও আগের সিদ্ধান্ত অনুযায়ী পর্যটকরা নভেম্বর মাসে সেখানে অবস্থান করতে পারবেন না। দ্বীপের জীববৈচিত্র্য রক্ষার স্বার্থেই আগের নেওয়া সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।এর আগে রোববার (২৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব সাবরীনা রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, পরিবেশগতভাবে সংকটাপন্ন সেন্টমার্টিন দ্বীপে পর্যটক যাতায়াতের বিষয়ে গত ১২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা হয়। সভায় নিচের সিদ্ধান্তগুলো নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং নৌপরিবহন অধিদপ্তর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সেন্টমার্টিন দ্বীপে নৌযান চলাচলের অনুমতি দিতে পারবে না।১ নভেম্বর ২০২৬ তারিখ থেকে ১৫ মার্চ ২০২৭ তারিখ পর্যন্ত সেন্টমাটিন দ্বীপে পর্যটকরা যাওয়া-আসা করতে পারবে।কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে অনুমোদিত পর্যটকবাহী জাহাজগুলোর চলাচল অব্যাহত থাকবে।পর্যটকের সংখ্যা গড়ে প্রতিদিন ৩ হাজার ৫০০-এর বেশি হবে না।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ২২৪৯ জন
পরবর্তী নিবন্ধবিমানের দাম্মাম ও রিয়াদের ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত