নিউজ ডেস্ক
চট্টগ্রাম নগরীর সদরঘাটের বাংলাবাজার এলাকায় ট্রেনের একটি পরিত্যক্ত বগিতে আগুন লাগার ঘটনায় ঢাকার কমলাপুর রেলস্টেশনসহ রেলওয়ে পুলিশের ছয়টি ফাঁড়িতে সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি কমলাপুর রেলস্টেশনে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।
শুক্রবার (২ অক্টোবর) ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সব সময় প্রস্তুত থাকে। তবে চট্টগ্রামে পরিত্যক্ত বগিতে আগুন লাগার ঘটনায় রেলওয়ে থানা পুলিশ বাড়তি সতর্কতা অবলম্বন করছে।
তিনি বলেন, ঢাকা রেলওয়ে থানা কমলাপুর স্টেশনে অবস্থিত। এ থানার অধীনে ছয়টি পুলিশ ফাঁড়ির সদস্যরা রেলপথের আইনশৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
এর মধ্যে বিমানবন্দর রেলস্টেশনেও একটি পুলিশ ফাঁড়ি রয়েছে।
ওসি আরও বলেন, ঢাকা রেলওয়ে থানার আওতাধীন এলাকার পরিধি বেশ বিস্তৃত।
গাজীপুর, টাঙ্গাইল ও নারায়ণগঞ্জ হয়ে যমুনা সেতু ও পদ্মা সেতুর মধ্যবর্তী রেললাইন পর্যন্ত এ থানার কার্যক্রম বিস্তৃত।
তিনি জানান, ঢাকা রেলওয়ে থানা ও ছয়টি পুলিশ ফাঁড়িতে দায়িত্ব পালনরত সব সদস্যকে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে কমলাপুর স্টেশনে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি কার্যক্রম চলছে।
এদিকে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম নগরীর সদরঘাটের বাংলাবাজার রশিদ বিল্ডিং-সংলগ্ন এলাকায় ট্রেনের একটি পরিত্যক্ত বগিতে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ জানায়, খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি ও বন্দর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বন্দর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোনায়েম বিল্লাহ গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসেবীদের ফেলে যাওয়া বিড়ি-সিগারেটের অবশিষ্টাংশ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।


