চলতি বছরের সেপ্টেম্বরে দেশের রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৫৪ শতাংশ বেড়ে ৩৯৪ কোটি ডলারে দাঁড়িয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছিল ৩৬৩ কোটি ডলার।
একই সঙ্গে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি আয় বেড়েছে ৬ দশমিক ৩৪ শতাংশ।বৃহস্পতিবার (১ অক্টোবর) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) এ তথ্য প্রকাশ করেছে।
সেপ্টেম্বরের ভালো প্রবৃদ্ধির ফলে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিক জুলাই-সেপ্টেম্বরে দেশের মোট রপ্তানি আয় ৬ দশমিক ৩৪ শতাংশ বেড়ে এক হাজার ৩০৯ কোটি ডলারে দাঁড়িয়েছে। আগের অর্থবছরের একই সময়ে রপ্তানি আয় ছিল এক হাজার ২৩১ কোটি ডলার।
ইপিবি বলেছে, এই প্রবৃদ্ধি দেশের রপ্তানি খাতের সক্ষমতা এবং আন্তর্জাতিক ক্রেতাদের অব্যাহত আস্থার প্রতিফলন। রপ্তানি প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখা এবং দীর্ঘমেয়াদি রপ্তানি লক্ষ্য অর্জনে পণ্য বহুমুখীকরণ, নতুন বাজার সম্প্রসারণ, পণ্যের মানোন্নয়ন ও বাণিজ্য সহজীকরণে সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছে সংস্থাটি।


