নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুর-১ নম্বরে মধ্যরাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদের (মিষ্টি) বিষয়টি তদন্তাধীন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সংশ্লিষ্টতা পেলে কাউকে ছাড় দেওয়া হবে না।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুরের ঘটায় একজন এমপির নাম এসেছে। এরকম কোনো ঘটনা আছে কি না- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্ত চলছে। সেখানকার থানার একজন পুলিশ কর্মকর্তার দায়িত্ব অবহেলা পাওয়া গেছে, তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু হয়েছে। এছাড়া রাজনৈতিক সংশ্লিষ্টতা ওখানে নাই, যারা অপরাধী হিসেবে ওখানে গেছে তাদের কারও কারও রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু সেটা আমরা কখনোই আমলে নেব না। তাদের গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমপির বিষয়ে মন্ত্রী বলেন, ওইখানে একজন সংসদ সদস্যের সংশ্লিষ্টতা আছে কি না প্রশ্ন তুলেছেন, সেটা তদন্তাধীন। এ বিষয়ে আমরা কাউকে ছাড় দেবো না, যদি সংশ্লিষ্টতা পাওয়া যায়।
এদিকে স্বাস্থ্যকেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়ার পর সেখানে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামে সাইনবোর্ড ও ব্যানার টাঙিয়ে দেয় হামলাকারীরা। এই সমিতির কার্যক্রমের সঙ্গেও স্থানীয় বিএনপির কয়েকজন নেতার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তারা বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদের (মিষ্টি) ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত। যদিও ফেরদৌসী আহমেদ এ হামলার ঘটনায় জড়িত নন বলে দাবি করেন।


