রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনবে বলে প্রত্যাশা বাংলাদেশের। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সঙ্গে এক সাক্ষাৎকারে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান এই প্রত্যাশার কথা জানান।
জাতিসংঘের একার পক্ষে এই সমাধান সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন সদস্য রাষ্ট্র গুলো বিশেষ করে ভেটো ক্ষমতাধারী রাষ্ট্রগুলোকে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখের বেশি রোহিঙ্গার প্রত্যাবাসন ও সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের পর রোহিঙ্গা ইস্যু নিয়ে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সঙ্গে কথা বলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান। সাক্ষাৎকারে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা, তহবিলের ঘাটতি এবং বাংলাদেশের প্রত্যাশার কথা বিস্তারিত তুলে ধরেছেন।


