কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

নিজস্ব প্রতিবেদক

সব মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে তাকে কেরাণীগঞ্জ বিশেষ কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।

সাবেক এই প্রধান বিচারপতির আইনজীবী অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বুধবার বিকেলে উনাকে কেরানীগঞ্জ বিশেষ কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি এখন নিজ বাসায় আছেন।’এর আগে গত ১৭ আগস্ট সবশেষ দায়ের হওয়া মামলায় খায়রুল হকের জামিন বহাল রাখেন চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার আদালত এ আদেশ দেন।

এর ফলে যেকোনো সময় তিনি মুক্তি পাবেন বলে সেদিন জানিয়েছিলেন তার আইনজীবী অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।

গত ১০ আগস্ট রাজধানীর বনানী থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে গত ২ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা খোয়াইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল রাখেন চেম্বার আদালত। পরে বনানী থানার মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।

তার আগে ৩০ জুন যাত্রাবাড়ী থানার মামলায় তাকে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। পরে এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

গত ২৩ মে পৃথক সাত মামলায় জামিনের পর সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে নতুন করে যাত্রাবাড়ী থানায় খোয়াইব হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এই মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে যাত্রাবাড়ী পদচারী–সেতুর নিচে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন খোয়াইব। বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা মিছিল নিয়ে যাত্রাবাড়ী মোড়ের দিকে অগ্রসর হন।

শেখ হাসিনাসহ অন্য আসামিদের নির্দেশ ও মদদে পুলিশ, র‍্যাবসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অস্ত্রধারীরা আন্দোলনরত ছাত্র–জনতার ওপর অতর্কিত গুলি চালায়। এতে গুরুতর আহত হন খোয়াইব।

তাকে গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ওই ঘটনায় ২০২৪ সালের ১৬ নভেম্বর নিহত খোয়াইবের ভাই জোবায়ের আহম্মেদ বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। এতে শেখ হাসিনাসহ ৮০ জনকে আসামি করা হয়।

গত বছরের ২৪ জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর তাকে একে একে ৯টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

পূর্ববর্তী নিবন্ধকোস্টগার্ডের নতুন ডিজি মঈনুল হাসান
পরবর্তী নিবন্ধ১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : দুদক চেয়ারম্যান