জেলা প্রতিনিধি
খুলনার রূপসা উপজেলার নৈহাটিতে ইটভাটার ভেতরে ঢুকে ফখরুল শেখ (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত আনুমানিক ১টার দিকে নৈহাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কিসমত খুলনা গ্রামের মেসার্স রূপসা ব্রিকস ইটভাটায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফখরুল শেখ (৩৫) রূপসা উপজেলার নৈহাটি গ্রামের বাসিন্দা। তিনি রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা এবং বর্তমানে যুবদলের কর্মী হিসেবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। চার ভাই ও এক বোনের মধ্যে ফখরুল ছিলেন সবার ছোট ভাই। তার দুটি মেয়ে রয়েছে।
ইটভাটাটি ফখরুলদের। ভাটায় বিভিন্ন সময় চুরির ঘটনা ঘটায় নিরাপত্তার জন্য মাঝেমধ্যে তিনি রাতে সেখানে পাহারার দায়িত্ব পালন করতেন। ঘটনার রাতে ইটভাটার ভেতরে অবস্থান করছিলেন ফখরুল। আনুমানিক রাত ১টার দিকে দুর্বৃত্তরা সেখানে ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, রাত ১টা ১১ মিনিটের দিকে ফখরুল গুলিবিদ্ধ হওয়ার খবর পান তার মেজ ভাই ফরহাদ শেখ। খবর পেয়ে তিনি দ্রুত ইটভাটায় গিয়ে ছোট ভাইকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় ফখরুলকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফখরুলের শরীরে দুটি গুলির আঘাত রয়েছে। একটি গুলি লাগে ঘাড়ে। আরেকটি ডান চোয়ালের নিচ দিয়ে ঢুকে বাম কানের ওপর দিয়ে বেরিয়ে যায়।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। মরদেহের সুরতহালে দেখা যায় তার শরীরে দুইটা গুলি লেগেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাতে তার ভাই ফরহাদ বাদী হয়ে এ ঘটনায় মামলা দায়ের করেছে। ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
তিনি আরও বলেন, তবে কারা এবং কী কারণে ফখরুলকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলমান আছে।


