দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১১৩ জনের শরীরে হাম শনাক্তের তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।সোমবার অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে যে ৩ জনের প্রাণ গেছে, তাদের মধ্যে দুইজন সিলেট বিভাগের। অন্যজন ঢাকা বিভাগের।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম এবং হামের উপসর্গ নিয়ে মোট ৮৪৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৬ জনের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ৭৫১ জন প্রাণ হারিয়েছেন।হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩২৬ জন মারা গেছে ঢাকা বিভাগে।
এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১১৩ জন। এছাড়া রাজশাহীতে ৯১, চট্টগ্রামে ৬১, বরিশালে ৪৫, ময়মনসিংহে ৭১, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১২ জন মারা গেছে।স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় আরো ৯৬৭ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে; তাদের মধ্যে ভর্তি হয়েছে ৯০২ জন।
এর মধ্যে ঢাকা বিভাগে ভর্তি ২৯৭ জন, রাজশাহীতে ২৭, সিলেটে ৯৩, চট্টগ্রামে ২৩৭, বরিশালে ১৩১, ময়মনসিংহে ৪৮, খুলনায় ৫০, রংপুরে ১৯ জন।গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে মোট হাম রোগী ভর্তি হয়েছে এক লাখ ১৩ হাজার ৫২২ জন; যার মধ্যে ১ লাখ ৯ হাজার ১৭৯ জন হাসপাতাল ছেড়েছে।


