গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (২৬ জুলাই) গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালি এবং বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও বন বিভাগ, গোপালগঞ্জের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের “স্বচ্ছতা” সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর আসনের সংসদ সদস্য (এমপি) কে এম বাবর, সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান। এ সময় পুলিশ সুপার, গোপালগঞ্জ জনাব মোঃ হাবীবুল্লাহসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী এবং সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং ব্যাপকভাবে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি দেশীয়, ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ এবং পরিচর্যায় সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়। বনজ সম্পদ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং একটি সবুজ, সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভা শেষে সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর পৌরপার্কে গিয়ে শেষ হয়। পরে সেখানে বৃক্ষমেলা-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার সঠিক পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধ২৮ অভিনেতা-অভিনেত্রী ও সাংবাদিকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
পরবর্তী নিবন্ধরাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য স্পিকারের কাছে সময় চাইবে ইসি