নিজস্ব প্রতিবেদক
দেশের পোশাক শিল্পের বিকাশের পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দ্রুত দূর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২২ জুলাই) বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।
বৈঠকে বিজিএমইএ প্রতিনিধিরা পোশাকশিল্পের বিদ্যমান নানান সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। পাশাপাশি খাতটির স্বল্প ও দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য কয়েকটি দাবি ও প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেন।
প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে ব্যবসায়ী নেতাদের বক্তব্য শোনেন এবং যেসব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব, সেগুলো নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অন্য বিভাগগুলোর সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, আপনাদের সমস্যাগুলো সমাধানে সরকার এরই মধ্যে কাজ শুরু করেছে। এগুলোর অনেকগুলোই দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা। তবে যেসব সমস্যা এখনই সমাধান করা যায়, সেগুলোতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি তৈরি পোশাকশিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার অবকাঠামো উন্নয়নসহ প্রয়োজনীয় উদ্যোগ বাস্তবায়ন করছে বলেও উল্লেখ করেন তিনি।
সরকারপ্রধান বলেন, পোশাকশিল্পের বিকাশে অবকাঠামোগত উন্নয়নের কাজ শুরু হয়েছে। এ উন্নয়ন সম্পন্ন হলে দেশের অর্থনীতিতে আরও গতি আসবে এবং বাংলাদেশ সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে। আমরা এ শিল্পের টেকসই উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছি।
ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার এবার ব্যবসা ও বিনিয়োগবান্ধব বাজেট প্রণয়ন করেছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
বিজিএমইএ নেতাদের উদ্দেশে তিনি বলেন, পোশাকশিল্পের বিকাশে যা যা করা প্রয়োজন, সরকার তা-ই করবে। ব্যবসায়ীদের সমস্যার সমাধান করাও আমাদের দায়িত্ব। সেই দায়িত্ব পালনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
বৈঠক শেষে বিজিএমইএর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে একটি সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। বিজিএমইএ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান।


