ইরানের সঙ্গে চুক্তি ভেস্তে দিতে মরিয়া চেষ্টা করছে ইসরায়েল: ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে স্বাক্ষরিত একটি চুক্তিকে ভেস্তে দিতে ও মার্কিন জনমতকে সেই চুক্তির বিপক্ষে প্রভাবিত করতে ইসরায়েল সরকারের কিছু সদস্য সক্রিয়ভাবে চেষ্টা চালাচ্ছেন বলে গুরুতর অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ওয়াশিংটনের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের বিরুদ্ধে তার এমন সরাসরি ও তীব্র সমালোচনা আন্তর্জাতিক মহলে নজিরবিহীন শোরগোল ফেলে দিয়েছে।

বুধবার (১৫ জুলাই) মার্কিন পডকাস্টার জো রোগানের সঙ্গে এক সাক্ষাৎকারে ভ্যান্স এই বিস্ফোরক দাবি করেন।

গত মাসে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের হওয়া যুদ্ধ বিরতি চুক্তির পক্ষে জোরালো অবস্থান নিয়ে তিনি বলেন, আমি কোনো রকম সন্দেহের ঊর্ধ্বে উঠে নিশ্চিতভাবে জানি যে- ইসরায়েল সরকারের ভেতরে এমন কিছু মানুষ আছেন, যারা আমাদের এই নীতি (চুক্তি) থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। কারণ, তারা এই সামরিক অভিযান চালিয়ে যেতে চান।

বিদেশি প্রভাব খাটানোর ডিজিটাল ক্যাম্পেইন

ভবিষ্যতের সম্ভাব্য মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে বিবেচিত ভ্যান্স এর আগেও একাধিকবার ইসরায়েলের সমালোচনা করেছেন। দুই দেশের মধ্যে বাড়তে থাকা প্রকাশ্য দূরত্বের মধ্যেই তার এই নতুন বক্তব্য সামনে এলো।

রোগানের পডকাস্টে তিনি বলেন, আমি যে চুক্তির পেছনে ছুটছিলাম, সেটিকে ব্যর্থ করে দেওয়ার জন্য আক্ষরিক অর্থেই একটি বিদেশি প্রভাব খাটানোর ক্যাম্পেইনে অর্থায়ন করা হচ্ছে।

এই দাবির পক্ষে সোমবার (১৩ জুলাই) টাইম ম্যাগাজিনে প্রকাশিত একটি প্রতিবেদনের কথা উল্লেখ করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, ইসরায়েলের পক্ষে মার্কিন নাগরিকদের চিন্তাভাবনা ও ইরান যুদ্ধ সম্পর্কিত দৃষ্টিভঙ্গি পরিবর্তনের লক্ষ্য নিয়ে একটি ডিজিটাল ক্যাম্পেইন পরিচালনার জন্য ট্রাম্পের সাবেক এক নির্বাচনী প্রচারণাকারীকে নিয়োগ করা হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধদাপুটে জয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: সদরঘাটে কিরণের নেতৃত্বে সবুজ অভিযাত্রা