প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একযোগে আড়াই হাজার গাছের চারা রোপণ

নিজস্ব প্রতিবেদক

বৃষ্টিমুখর আবহাওয়ায় বরিশালের গৌরনদী উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে একযোগে আড়াই হাজার গাছের চারা রোপণ করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে গৌরনদী উপজেলার সরিকল-বাটাজোর খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

শুরুতে তিনি একটি নারিকেল গাছের চারা, পরে একটি নিমগাছসহ কয়েকটি চারা নিজ হাতে রোপণ করেন।
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানে একযোগে আড়াই হাজার গাছের চারা রোপণ করা হয়।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ২০০৪ সালে আমি গৌরনদীতে এসেছিলাম। দীর্ঘদিন পর আবার এখানে এলাম।

নির্বাচনের আগে আমরা সারা দেশে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার করেছিলাম। এর মধ্যে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচিও তাঁরই উদ্যোগে শুরু হয়, যা পরে দেশনেত্রী খালেদা জিয়া অব্যাহত রেখেছিলেন। আমরা সেই কর্মসূচিগুলো আবারও সারা দেশে চালু করেছি।
তিনি বলেন, চট্টগ্রাম অঞ্চলের পাঁচটি জেলায় সম্প্রতি অতিবৃষ্টি হয়েছে। আবার এর আগে দীর্ঘদিন বৃষ্টিপাত হয়নি। কখনো অতিবৃষ্টি, কখনো খরা-আবহাওয়ার এই পরিবর্তন জলবায়ু সংকটেরই প্রতিফলন। ছোটবেলায় আমরা যেমন বেশি শীত দেখেছি, এখন আর তেমন শীত পড়ে না। আবার গরমও আগের তুলনায় অনেক বেড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় আমাদের ব্যাপকভাবে গাছ লাগাতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে প্রয়োজনের তুলনায় গাছের সংখ্যা কম। তাই আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা নিয়েছে সরকার। তবে শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, প্রতিটি চারার পরিচর্যাও নিশ্চিত করতে হবে। গাছ বড় হলে নির্মল বাতাস, ছায়া এবং পরিবেশগত নানা সুবিধা মানুষ ভোগ করতে পারবে।

উপস্থিতদের উদ্দেশে তিনি বলেন, নিজের সন্তানের যেভাবে যত্ন নেন, ঠিক সেভাবেই গাছেরও যত্ন নিন। সন্তান যেমন বড় হতে দেখে আনন্দ পান, তেমনি একটি গাছ বড় হওয়ার আনন্দও উপভোগ করুন। আসুন, সবাই মিলে আগামী দুই মিনিটের মধ্যে আড়াই হাজার গাছের চারা রোপণ করি।

এর আগে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক হয়ে বরিশালের গৌরনদীর ভূরঘাটা এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই তাঁর প্রথম বরিশাল সফর।

এ সময় স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। পরে সেখান থেকে গাড়িবহর নিয়ে তিনি গৌরনদী পৌরসভার কর্মসূচিস্থলের উদ্দেশে রওনা দেন। পুরো সড়কজুড়ে দুই পাশে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

পূর্ববর্তী নিবন্ধমানি লন্ডারিং মামলায় সেই হরিদাস চন্দ্র তরণী দাস গ্রেফতার
পরবর্তী নিবন্ধঢাকায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ পুলিশের