বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞার সময়সীমা বাড়িয়েছে জেলা প্রশাসন

জেলা প্রতিনিধি

বান্দরবান পার্বত্য জেলার সকল পর্যটন কেন্দ্র ভ্রমণে নিষেধাজ্ঞার সময়সীমা বাড়িয়েছে জেলা প্রশাসন। আগামী ১২ জুলাই পর্যন্ত ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সোমবার (৮ জুলাই) রাত ৮টায় বান্দরবান জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেইজে বান্দরবান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বান্দরবান পার্বত্য জেলায় অব্যাহত ভারি বর্ষণের কারণে বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকির সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বিদ্যমান আবহাওয়াজনিত পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে গত ৬ জুলাই জারিকৃত গণবিজ্ঞপ্তি অনুবৃত্তিক্রমে বান্দরবান পার্বত্য জেলার সকল পর্যটন কেন্দ্র আগামী ১২ জুলাই ২০২৬ তারিখ (রোববার) পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো।

উক্ত সময়ে বান্দরবান পার্বত্য জেলার সকল পর্যটন কেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের ভ্রমণ নিষিদ্ধ থাকবে। সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনসহ জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য অনুরোধ করা হলো।

এর আগে ১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ববাজারে ফের বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম
পরবর্তী নিবন্ধসোনার দাম ভরিতে কমলো ৩৩২৪ টাকা