ইরানে আজ রাতেই কঠোর হামলা করা হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র আজ রাতেই ইরানে অত্যন্ত কঠিন আঘাত হানবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তি শেষ ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরেই এই নতুন পদক্ষেপের কথা জানালেন তিনি। এ সময় ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করছে বলেও অভিযোগ তোলেন ট্রাম্প।

তুরস্কের আঙ্কারায় চলমান ন্যাটো শীর্ষ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট বলেন, গত রাতে আমরা তাদের ওপর খুব কঠিন আঘাত হেনেছি। অত্যন্ত কঠোর সেই হামলা ছিল। আজ রাতেও আমরা সম্ভবত তাদের ওপর আবার বড় ধরনের হামলা চালাব। আমি তাদের একটু সতর্ক করে দিচ্ছি, আজ রাতেই আমরা তাদের ওপর খুব শক্তভাবে আঘাত হানতে যাচ্ছি।

ন্যাটো সম্মেলনের সাইডলাইনে ট্রাম্প দাবি করেন, ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করার লক্ষ্যেই এই যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন, বৈঠকে সব বিষয়ে একমত হওয়ার পরও ইরানি প্রতিনিধিরা সংবাদ সম্মেলনে গিয়ে আলোচনার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন।

ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা আসলে পাগল, এই মানুষগুলোর কোনো সমস্যা আছে। গত ৪৭ বছর ধরে তারা মধ্যপ্রাচ্যের ত্রাস ছিল। কিন্তু তারা আর সেই অবস্থানে নেই। আমাদের চাওয়া খুব সহজ, তারা কোনো পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না।

পূর্ববর্তী নিবন্ধগাড়ি কেনা বন্ধ, সরকারি টাকায় বিদেশ ভ্রমণ নয়
পরবর্তী নিবন্ধকক্সবাজারে পাহাড়ধসে নিহত বেড়ে ২০