আন্তর্জাতিক বাণিজ্যে ডিজিটাল নথিবিনিময় শুরু

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক বাণিজ্য আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে আমদানি-রপ্তানির নথি ডিজিটালি আদান-প্রদানের পরীক্ষামূলক কর্মসূচি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় বৈদেশিক মুদ্রা লেনদেনে অনুমোদিত ব্যাংকগুলো ঋণপত্র (এলসি) ও ডকুমেন্টারি কালেকশনের আওতায় আমদানি-রপ্তানি সংক্রান্ত বিভিন্ন দলিল ইলেকট্রনিক পদ্ধতিতে প্রক্রিয়াকরণ করতে পারবে।

এ বিষয়ে বুধবার (১ জুলাই) একটি নির্দেশনা জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেনে অনুমোদিত সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষামূলক এ কর্মসূচির মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক মান বজায় রেখে ইলেকট্রনিক ট্রান্সফারেবল রেকর্ডস (ইটিআর) নিরাপদ, নির্ভরযোগ্য ও আইনগতভাবে গ্রহণযোগ্য উপায়ে আদান-প্রদান নিশ্চিত করা। এজন্য কোনো নির্দিষ্ট প্ল্যাটফর্ম বা প্রযুক্তি ব্যবহারের বাধ্যবাধকতা থাকছে না। তবে ব্যাংকগুলোকে ন্যূনতম সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষার মান নিশ্চিত করতে হবে।

এতে আরও বলা হয়, সংবেদনশীল বাণিজ্যিক তথ্যের নিয়ন্ত্রণ মূল মালিকের কাছেই থাকবে। এসব তথ্য বাধ্যতামূলকভাবে কোনো শেয়ার্ড বা পাবলিক অবকাঠামোয় সংরক্ষণ করতে হবে না। নির্ধারিত মানদণ্ড পূরণ হলে ডিজিটাল নথিকে কাগজভিত্তিক দলিলের আইনগতভাবে গ্রহণযোগ্য বিকল্প হিসেবে বিবেচনা করা হবে। এর মাধ্যমে প্রযুক্তিনিরপেক্ষ, নিরাপদ ও বিকেন্দ্রীভূত যাচাইভিত্তিক ডিজিটাল বাণিজ্য ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

পরীক্ষামূলক কর্মসূচিতে অংশ নিতে আগ্রহী ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে। অনুমোদনের জন্য সংশ্লিষ্ট বাণিজ্য করিডোর, অংশীজন, লেনদেনের ধরন এবং ব্যবহৃত প্রযুক্তিগত ব্যবস্থার বিস্তারিত তথ্য জমা দিতে হবে।

এই ব্যবস্থার আওতায় ইনভয়েস, পরিবহন দলিল, ড্রাফটসহ বিভিন্ন ট্রেড ডকুমেন্ট ইলেকট্রনিকভাবে পরিচালনা করা যাবে। তবে যেসব দেশে বা বিধিব্যবস্থায় ডিজিটাল দলিলের আইনগত স্বীকৃতি নেই, সেসব ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী কাগজভিত্তিক দলিল সংগ্রহ ও সংরক্ষণ করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, পুরো ব্যবস্থায় এনক্রিপশন, প্রমাণীকরণ (অথেনটিকেশন) এবং অডিট ট্রেইলসহ শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে আন্তর্জাতিক বাণিজ্যে ডিজিটাল নথি ব্যবস্থাপনা নিরাপদ ও নির্ভরযোগ্য হয়।

পূর্ববর্তী নিবন্ধসাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসংক্ষিপ্ত হবে আর্থিক প্রতিবেদন, সহজ হবে আইপিও প্রক্রিয়া: বিএসইসি চেয়ারম্যান