নুর উদ্দিন,সুনামগঞ্জ:

ছাতকের সুরমা নদী থেকে অবৈধভাবে বালু ও ভিটমাটি উত্তোলন করা হচ্ছে। প্রকাশ্যে দিন-রাত ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে বালু ও ভিটমাটি উত্তোলন করছে একটি প্রভাবশালী চক্র।
নদী থেকে বালু ও ভিটমাটি উত্তোলনের বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দাবি জানিয়েছেন নদীর তীরবর্তী বাসিন্দারা। সরেজমিনে দেখা যায়, ছাতক সদর ইউনিয়নের বাউসা-কেশবপুর গ্রাম সংলগ্ন সুরমা নদীতে ড্রেজার মেশিন দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলন করে নৌকায় ভর্তি করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, এক সপ্তাহ ধরে এই স্থানসহ পার্শ্ববর্তী চারচিরা রনমঙ্গল ও প্রতাপপুর গ্রাম সংলগ্ন সুরমা নদী থেকে এ ভাবে প্রকাশ্যে ড্রেজার মেশিন বসিয়ে দিন-রাত লুটপাট চালিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী চক্র।নদী থেকে বালু ও মাটি উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক গতিপথ, তীরবর্তী এলাকা এবং জনবসতির উপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। যদিও ইতোমধ্যে নদীর গর্তে বিলিন হয়ে গেছে সুরমার দক্ষিন পাড়ের মল্লিকপুর, মাছুখালী, আন্ধারীগাঁও, বাউসা-কেশবপুর ও সুরমার উত্তর পাড়ের লক্ষীবাউর ও বেতুরা গ্রামের অসংখ্য কৃষিজমি, মসজিদ, কবরস্থানসহ বিভিন্ন স্থাপনা। নদী ভাঙ্গনে বিলিন হয়েছে সরকারী কাঁচা-পাকা সড়কও।
এখনও এইসব এলাকায় নদী ভাঙ্গন অব্যাহত আছে। জায়গা জমি, ভিটেমাটি হারিয়ে অসংখ্য পরিবার আজ নি:স্ব।ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরবিন্দু রায় বলেন, সুরমা থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের বিষয়টি জানা নেই।ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মহি উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।


