নিজস্ব প্রতিবেদক
শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় চার জেলায় মোট ৪৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। শ্রমিক অসন্তোষসহ সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে এসব সদস্য দায়িত্ব পালন করছেন।
বুধবার (১৮ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে ঢাকার মিরপুর, হেমায়েতপুর, সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় ২০ প্লাটুন দায়িত্ব পালন করছেন।
এসব এলাকার মধ্যে রয়েছে– ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া।
এছাড়া গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সালনা ও বৈশয়া কুড়িবাড়ি এলাকায় ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় সাত প্লাটুন এবং ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালে দুই প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা জানান, মোতায়েন করা সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
তিনি আরও জানান, মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, তাৎক্ষণিক তথ্য আদান-প্রদান এবং প্রয়োজনীয় কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।


