হিমায়িত খাদ্য রপ্তানি খাতে ঋণ দেবে এনসিসি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

দেশের রপ্তানিমুখী হিমায়িত খাদ্য শিল্পের বিকাশ, রপ্তানি বহুমুখীকরণ এবং এ খাতের
উদ্যোক্তাদের অর্থায়ন সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ২ হাজার কোটি
টাকার প্রাক-অর্থায়ন তহবিলের আওতায় অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে এনসিসি
ব্যাংক পিএলসি।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ
ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানের উপস্থিতিতে এনসিসি ব্যাংকের
অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির আনাম এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক
একেএম সাইদুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এবং চুক্তিপত্র
হস্তান্তর করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ আনছারুল কবির,
এনসিসি ব্যাংকের এসইভিপি ও আরএমজি এবং এক্সপোর্ট সেলের প্রধান আহসান
তারিক এবং ভিপি মোহাম্মদ আবুল কালাম আজাদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন
কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


বাংলাদেশের রপ্তানিমুখী হিমায়িত খাদ্য শিল্প দেশের অন্যতম সম্ভাবনাময় খাত। বিশেষ করে
হিমায়িত চিংড়ি, মাছ, মৎস্যজাত পণ্য এবং অন্যান্য হিমায়িত খাদ্যপণ্যের
আন্তর্জাতিক বাজারে রপ্তানি সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে। এ খাতের
উদ্যোক্তাদের উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত
করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে ২ হাজার কোটি টাকার এই প্রাক-
অর্থায়ন তহবিল গঠন করেছে। এ তহবিলের আওতায় রপ্তানির উদ্দেশ্যে হিমায়িত চিংড়ি,
মাছ, মৎস্যজাত পণ্য ও অন্যান্য হিমায়িত খাদ্যপণ্য উৎপাদন, সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ
এবং সংরক্ষণের জন্য প্রয়োজনীয় অর্থায়ন সুবিধা প্রদান করা হবে। এর মধ্যে কাঁচামাল
সংগ্রহ ও ক্রয়, প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন, সম্প্রসারণ ও আধুনিকায়ন,
প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়, হিমাগার ও কোল্ড স্টোরেজ নির্মাণ, বন্ধ বা আংশিক সচল
কারখানা পুনরায় চালুকরণ এবং উৎপাদন ও সংরক্ষণ কার্যক্রমে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন
উল্লেখযোগ্য।

পূর্ববর্তী নিবন্ধসাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেলের বাড়িতে আগুন
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন