নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য জাতীয় সংসদে ধন্যবাদ জানানো হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রস্তাবটি উপস্থাপন করেন এবং সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে এ প্রস্তাবটি উপস্থাপন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
প্রস্তাবটি উপস্থাপনের পর স্পিকার এর উপর আলোচনার আহ্বান জানান। প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান।
এর পর স্পিকার প্রস্তাবটি ভোটে দেন এবং সরকারি দল ও বিরোধী দলসহ সব সদস্যের কণ্ঠ ভোটে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের সফলতা তুলে ধরে বলেন, অনুরোধ করছি যে আজকে আমরা আমাদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে, সংসদ নেতাকে ধন্যবাদ জানিয়ে এই সংসদ থেকে একটি ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হোক।
প্রস্তাব করছি, প্রধানমন্ত্রী তারেক রহমানের ২১-২৬, ২১ থেকে ২৬ জুন ২০২৬ তারিখ পর্যন্ত মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য এই মহান সংসদ প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছে।
এরপর প্রস্তাবটি সংসদে উপস্থাপিত হয় এবং আলোচনার পর প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।


