ফিফটি করেই ফিরলেন তামিম

স্পোর্টস ডেস্ক

টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শুরুতেই ধাক্কা খায়। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিরে যান সাইফ হাসান। তবে এরপর অজি বোলারদের উপর দাপট দেখান নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম। ৯৬ রানের জুটি গড়েন দুজন মিলে। ফিফটি তুলে নেন তানজিদ হাসান তামিম। কিন্তু এরপরই আউট হন নাথান এলিসের বলে ব্রাটলেটকে ক্যাচ দিয়ে। ১০৬ রানে দ্বিতীয় উইকেট হারিয়েছে বাংলাদেশ।

৭ চার ও এক ছক্কায় সাজিয়েছেন ইনিংসটি। ফিফটির পথে থাকা শান্তর সঙ্গে নতুন ব্যাটার হিসেবে যোগ দিয়েছেন লিটন দাস। তামিম আউট হওয়ার আগে করেছেন ৪৪ বলে ৫৪ রান। ১৭ ওভার শেষে বাংলাদেশের রান ২ উইকেটে ১০৭।

নাথান এলিস কিছুটা চ্যালেঞ্জ জানালেও বাকিদের সহজেই খেলছেন জুটি গড়ার পথে শান্ত ও তামিম। বলা ভালো, কোনো বোলারই বাংলাদেশের এই দুই ব্যাটারকে নুন্যতম অস্বস্তিতেও ফেলতে পারেনি। প্রায় প্রতি ওভারেই বাউন্ডারি আদায় করছেন শান্ত ও তামিম। ওভার প্রতি রান রেট সবসময় ৬ এর ওপরেই ছিল। ৪১তম বলে ফিফটি পূর্ণ করেন তামিম। ওয়ানডে ক্যারিয়ারে এটা তার সপ্তম ফিফটি।

ইনিংসের নবম ওভারে প্রথম ছক্কা দেখেছে বাংলাদেশ, তামিমের ব্যাটে। দশম ওভারে অভিষিক্ত লিয়াম স্কটকে প্রথম বলেই লং অনে ছক্কা হাঁকিয়েছেন নাজমুল হোসেন শান্ত। শুরুতে উইকেট হারালেও বাংলাদেশের রানের চাকা থামেনি। কিন্তু অস্ট্রেলিয়ান বোলাররা এখনো বাংলাদেশি ব্যাটারদের কোনো রকম বিপাকে ফেলতে পারছে না। বরং অজি বোলারদের চাপে রেখেছেন শান্ত ও তামিম। প্রথম ১০ ওভারে ৬২ রান যোগ হয় বাংলাদেশের স্কোরবোর্ডে।

এর আগে ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওভারের দ্বিতীয় ডেলিভারিটা নাথান এলিস অফ স্টাম্পের আশপাশে ফুল লেংথে করেছিলেন। সেটি মাটিতে পড়ার পর বলটি শেষ মুহূর্তে বাইরে দিকে সরে যায়। ড্রাইভ করতে গিয়েছিলেন সাইফ, তবে বল ব্যাটের কানায় লেগে উড়ে যায় স্লিপে। সেখানে ডান দিকে পুরো শরীর ছুড়ে দিয়ে দুই হাতে অসাধারণ এক ক্যাচ নেন মার্নাস লাবুশেন।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরামের অবস্থান, অংশ নিলেন নারীরাও
পরবর্তী নিবন্ধশিল্প মন্ত্রণালয়ের সচিব হলেন আব্দুন নাসের খান