কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় জেলা পরিষদের জায়গা দখলের অভিযুক্ত হলেন পুলিশের এএসআই বুলবুল মিয়া ও তার ওপর তিন ভাই।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী এবং অভিযোগ সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ জেলা পরিষদের নিজস্ব সম্পত্তিতে দেওয়া সাইনবোর্ডটিও পুলিশের এএসআই বুলবুল মিয়ার নির্দেশে তার ভাই কামাল মিয়া, মো: জামাল ও এরশাদ মিয়া জবরদস্তি মুলক জেলা পরিষদের নিজস্ব সম্পত্তিতে থাকা সাইনবোর্ডটি ভেঙে পাশের নরসুন্দা নদীতে ফেলে দিয়েছে।
এ ব্যাপারে কিশোরগঞ্জ জেলা পরিষদের সার্ভেয়ার মো: মাসুদুর রহমান বাদী হয়ে করিমগঞ্জ থানায় পুলিশের এএসআই বুলবুল মিয়া ও তার তিন সহোদরের নামে একটা লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, করিমগঞ্জ থানাধীন করিমগঞ্জ মৌজার সাবেক ৯৮২ ও ৯৮৯ নং দাগের ০.৮৩ একর ভূমি যা কিশোরগঞ্জ জেলা পরিষদের নামে রেকর্ড ভুক্ত।
বিবাদীগণ বেআইনিভাবে সরকারি ভূমিতে ঘরবাড়ি নির্মাণ করিয়া জবরদখল করিয়া রাখে। উক্ত ভূমিতে জেলা পরিষদের মালিকানা উল্লেখ করিয়া সাইনবোর্ড টানানো হলে উক্ত সাইনবোর্ডটি পুলিশের এএসআই বুলবুল মিয়ার নির্দেশে মোঃ কামাল, মোঃ জামাল ও মোঃ এরশাদ সদলবলে জেলা পরিষদের সাইনবোর্ড টি ভাঙচুর করিয়া পাশে নদীতে ফেলে দেয় এবং জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
এ ব্যাপারে করিমগঞ্জের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরানুল কবির জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে কোর্টে উভয় পক্ষের মধ্যে জমি সংক্রান্ত মামলা চলছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


