
স্পোর্টস ডেস্ক
বৈভব সূর্যবংশী কেবল শিরোপাই জিততে পারেননি। এই অপ্রাপ্তি বাদে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগটা ছিল শুধুই তার। ১৫ বছর বয়সী এই ওপেনার ভারতীয় ক্রিকেটের নতুন বিস্ময়বালক। ২০২৫ আইপিএলের আগে নিলামে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে কোটিপতি হন তিনি। রাজস্থান রয়্যালসের ১ কোটি ১০ লাখ রুপির মূল্য সূর্যবংশী দিয়েছেন ঝলক দেখিয়ে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার পর নিজের দ্বিতীয় আইপিএল রেকর্ডময় করে রাখলেন।
১৬ ম্যাচে ৭৭৬ রান করেছেন সূর্যবংশী, স্ট্রাইক রেট ২৩৭ এর বেশি। দারুণ সব ইনিংস খেলার পথে বেশ কিছু রেকর্ডে নিজের নাম লিখেছেন ১৫ বছর বয়সী বিস্ময়বালক।
আইপিএলের এক আসরে সবচেয়ে বেশি ছক্কার মালিক হয়েছেন সূর্যবংশী। ৭২টি ছয় তার নামের পাশে। ২০১২ সালে ক্রিস গেইলের ৫৯ ছক্কার রেকর্ড ভেঙেছেন তিনি।
এই কিশোর আইপিএলে হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন, বলের হিসাবে দ্রুততম। এই প্রতিযোগিতায় বলের সংখ্যায় দ্রুততম হাজার রানের মালিক হয়েছেন সূর্যবংশী। ৪৪০ বল লেগেছে তার। যার আগের রেকর্ড ভেঙেছেন, তিনিও ওয়েস্ট ইন্ডিয়ান। ৫৪৫ বলে এই কীর্তি গড়া আন্দ্রে রাসেলকে পেছনে ফেলেছেন তিনি।
রাজস্থানের ওপেনার ও সিনিয়র ব্যাটার যশস্বী জয়সওয়ালের একটি রেকর্ড ভেঙেছেন সূর্যবংশী। আনক্যাপড খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ ৭৭৬ রানে মৌসুম শেষ করেছেন তিনি। ২০২৩ সালে জয়সওয়ালের ৬২৫ রানের রেকর্ড চাপা পড়ে গেছে।
সর্বমোট রানের মধ্যে সূর্যবংশী পাওয়ার প্লেতেই করেছেন ৫২১ রান। প্রথম ব্যাটার হিসেবে আইপিএলের এক মৌসুমে প্রথম ছয় ওভারে ৫০০ বা তার বেশি রানের কীর্তি গড়লেন ১৫ বছর বয়সী ক্রিকেটার।
আইপিএলের এক আসরে পাওয়ার প্লেতে ডেভিড ওয়ার্নারের সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙেছেন তিনি। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ৪৬৭ রান করেছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটার।
সূর্যবংশী প্রথম ও একমাত্র খেলোয়াড় হিসেবে প্রতিযোগিতার ইতিহাসে এক ইনিংসের প্রথম ওভারেই চারটি ছক্কা হাঁকান। গত ১৫ এপ্রিল হায়দরাবাদের প্রফুল হিঙ্গের ওপর চড়াও হয়ে এই রেকর্ড গড়েন তিনি।


