আরেফিন মুক্তা, মুকসুদপুর প্রতিনিধি (গোপালগঞ্জ):

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অফিস আদেশের মাধ্যমে ৪০তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোঃ আবিরুল ইসলাম গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা-এ নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন।
তিনি গতকাল ১৭ মে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন এবং ১৮ মে তিনি মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে প্রথম অফিস কার্যক্রম শুরু করেন। জানা গেছে, প্রশাসনিক দক্ষতা, সততা ও দায়িত্বশীল কর্মকাণ্ডের মাধ্যমে ইতোমধ্যে তিনি প্রশাসনে একজন মেধাবী ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন।
পূর্বে তিনি পটুয়াখালি দুমকী উপজেলায় অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। প্রশাসনিক সূত্রে জানা যায়, নতুন কর্মস্থলে যোগদানের পর তিনি উপজেলা ভূমি অফিসের কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করার বিষয়ে গুরুত্বারোপ করেছেন।
বিশেষ করে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণে সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। উল্লেখ্য, সহকারী কমিশনার (ভূমি) হিসেবে তিনি ভূমি ব্যবস্থাপনা, খাস জমি তদারকি, অবৈধ দখল উচ্ছেদ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং ভূমি সংক্রান্ত বিভিন্ন সরকারি কার্যক্রম বাস্তবায়নের দায়িত্ব পালন করবেন।


