নিজস্ব প্রতিবেদক
দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বাজেট প্রণয়নের আহ্বান জানিয়েছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, অবাস্তব রাজস্ব লক্ষ্যমাত্রা ও অতিরিক্ত উন্নয়ন ব্যয়ের পরিকল্পনা অর্থনীতিকে আরও চাপের মুখে ফেলতে পারে।
সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭: রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক প্রাক-বাজেট সংলাপে তিনি এসব কথা বলেন। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম ও সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এ সংলাপের আয়োজন করে।
দেবপ্রিয় বলেন, ‘দেশ বর্তমানে নানা অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে। অথচ বর্তমান সরকার ক্ষমতায় আসার তিন-চার মাস পার হলেও অর্থনীতিকে কী অবস্থায় পেয়েছে, তার কোনো প্রামাণ্য মূল্যায়ন প্রকাশ করেনি। সরকার ফ্যামিলি কার্ড, ফারমার্স কার্ড বা খাল খননের মতো কর্মসূচি নিয়ে বেশি আলোচনা করলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সুদের হার কমানো, বিনিময় হার স্থিতিশীল রাখা কিংবা কর্মসংস্থান বাড়ানোর বিষয়গুলো মনোযোগে আসছে না।’
তিনি আরও বলেন, সরকার চাইলে স্বল্পমেয়াদি একটি অর্থনৈতিক কৌশলপত্র দিতে পারত, যাতে নীতির ধারাবাহিকতা ও সংকট উত্তরণে করণীয় স্পষ্ট হতো। কিন্তু সে ধরনের উদ্যোগ দেখা যাচ্ছে না।
অর্থমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা বলেছি বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ বাজেট তৈরি করতে। কিন্তু যে বাজেটটা তৈরি করতে যাচ্ছেন সেটা কী তাই হচ্ছে। অন্তর্বর্তী সরকারের বাজেট দেখে আমরা যে কথাগুলো বলেছিলাম গতানুগতিক বাজেট হচ্ছে, সেই কথাটাই আবার পুনরাবৃত্তির দিকে যেতে হতে পারে এখন আমাদের এই আশঙ্কায় সৃষ্টি হচ্ছে।’
উন্নয়ন বাজেট প্রসঙ্গে তিনি বলেন, এডিপির ৪০-৫০ শতাংশই বাস্তবায়ন করা যায়নি। তাকে আরও ২০ শতাংশ বাড়িয়ে দিচ্ছেন। দিয়ে বাস্তবায়নের কথা বলছেন। সেখানে যে দেড় হাজার প্রকল্প আছে তার থেকে আপনি নোংরা পরিস্কার করলেন না। এটার মাধ্যমে আপনি পুরোনো পরিস্থিতিকেই আবার নতুনভাবে উপস্থাপন করছেন। আয়ের জন্য যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে রাজস্ব বোর্ডকে তা পরিপালন করার সুযোগই তার নেই।
তিনি বলেন, সরকারের উচিত ছিল স্থিতিশীলতা কর্মসূচির মধ্যে থেকে যতটুকু আয় হবে, সেই সীমার মধ্যেই ব্যয় নির্ধারণ করা। কিন্তু এখন ব্যয়কে কেন্দ্র করে কাল্পনিক আয়ের হিসাব দাঁড় করানোর চেষ্টা হচ্ছে।
তিনি সতর্ক করে বলেন, বাজেটের আয়-ব্যয়ের হিসাব বাস্তবসম্মত না হলে পরবর্তীতে ঘাটতি মেটাতে টাকা ছাপানোর প্রবণতা বাড়তে পারে, যা মূল্যস্ফীতি আরও বাড়িয়ে দেবে।
সংলাপে সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী আবু জাফর জাহিদ হোসেন বলেন, সরকারের প্রধান লক্ষ্য নিম্নবিত্ত মানুষকে আরও ভালোভাবে সহায়তা করা।
তিনি জানান, আগামী বছরের জুনের মধ্যে ৪০ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে আগামী অর্থবছরে প্রায় সাড়ে ১৪ হাজার কোটি টাকা প্রয়োজন হবে।


