ইভান নির্জন,

খুলনা বিশ্ববিদ্যালয় থেকে মানুষের সীমাবদ্ধতা যেখানে শেষ, প্রযুক্তির সম্ভাবনা সেখান থেকেই যেন নতুন করে শুরু হয়। একুশ শতকের এই সময়টায় প্রযুক্তি কেবল জীবনকে সহজ করছে না, বরং বদলে দিচ্ছে জীবনের সংজ্ঞাও। বিশেষ করে শারীরিক প্রতিবন্ধী মানুষের জন্য এই পরিবর্তন যেন আশার নতুন আলো।
সেই আলোরই এক উজ্জ্বল উদাহরণ খুলনা বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ শিক্ষার্থীর উদ্ভাবিত স্মার্ট হুইলচেয়ার। এটি শুধু একটি যান্ত্রিক চেয়ার নয়—বরং ব্যবহারকারীর নীরব সহচর, চলার পথে নির্ভরতার এক আধুনিক প্রতীক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স এবং ইন্টারনেট অব থিংস (আইওটি) প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই হুইলচেয়ার মানুষের ইচ্ছা ও সংকেতকে অনুবাদ করে গতিতে রূপ দেয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের ২৩ ব্যাচের শিক্ষার্থীরা তাঁদের একাডেমিক প্রকল্পের অংশ হিসেবে এই উদ্ভাবনটি করেছেন।

বিশেষ করে যাঁরা হাতের সাহায্যে জয়স্টিক ব্যবহার করতে পারেন না বা পক্ষাঘাতে আক্রান্ত—তাঁদের চলার পথকে সহজ করতেই এই প্রয়াস। এই হুইলচেয়ারের বিশেষত্ব তার নিয়ন্ত্রণ ব্যবস্থায়। ব্যবহারকারীর কণ্ঠস্বর, হাতের ইশারা কিংবা চোখের সূক্ষ্ম নড়াচড়া—সবকিছুই এখানে নির্দেশনায় পরিণত হয়। ‘সামনে’, ‘পিছনে’ কিংবা ‘থামো’—এই সহজ শব্দগুলোই হয়ে ওঠে চলার দিশা। সামনে কোনো বাধা এলে আল্ট্রাসোনিক সেন্সর তা শনাক্ত করে নিজ থেকেই থেমে যায়—যেন প্রযুক্তির মধ্যেও রয়েছে সতর্কতার এক নীরব বোধ। শুধু চলাচলেই নয়, ব্যবহারকারীর স্বাস্থ্যের দিকেও সমান নজর রাখে এই স্মার্ট সহচর।
এতে সংযুক্ত সেন্সর হৃদস্পন্দন, শরীরের তাপমাত্রাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করে। কোনো অস্বাভাবিকতা দেখা দিলে তাৎক্ষণিকভাবে নির্ধারিত নম্বরে বার্তা পাঠায়—যা জরুরি মুহূর্তে হয়ে উঠতে পারে জীবনরক্ষাকারী সহায়তা। বিশ্ববাজারে যেখানে স্মার্ট হুইলচেয়ারের দাম কয়েক লাখ টাকায় পৌঁছে যায়, সেখানে খুবি শিক্ষার্থীরা তুলনামূলক স্বল্প খরচে এই প্রযুক্তি উদ্ভাবনের চেষ্টা করেছেন। তাঁদের এই উদ্যোগ শুধু প্রযুক্তিগত দক্ষতার পরিচয় নয়, বরং সামাজিক দায়বদ্ধতারও এক অনন্য উদাহরণ। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের উদ্ভাবন শারীরিক প্রতিবন্ধী মানুষের পরনির্ভরশীলতা কমিয়ে আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে।
পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা পেলে এই প্রযুক্তি বাণিজ্যিকভাবে উৎপাদন সম্ভব, যা দেশের লাখো মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এই উদ্ভাবনের পেছনে কাজ করেছে একদল স্বপ্নবাজ তরুণ। দলের নেতৃত্বে রয়েছেন আজমাইন ইনকুয়াইদ হক। গবেষণা ও প্রযুক্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জয়দেব গাইন প্রকাশ, কাজী রিফাত মোরশেদ, জান্নাতুল ফেরদৌস রিতি, সাব্বির খান ও তমা রানি। ব্যবসা ও বিপণনের দায়িত্বে ছিলেন ফাইরুজ জাহীন খান ও এস. এম. মিফতাহুল ইসলাম মাহিন। গবেষণা কার্যক্রমে প্রেরণা ও দিকনির্দেশনা দিয়েছেন খুবির সিএসইর অধ্যাপক ড. জি এম আতিকুর রহমান। প্রযুক্তি যখন মানবতার পাশে দাঁড়ায়, তখন তা কেবল উদ্ভাবনেই সীমাবদ্ধ থাকে না—এটি হয়ে ওঠে সম্ভাবনার নতুন দিগন্ত। খুবি শিক্ষার্থীদের এই উদ্যোগ সেই দিগন্তের দিকেই এক দৃঢ় পদক্ষেপ।


