মুকসুদপুরে পেঁয়াজ ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের ২ লাখ টাকার ক্ষতি

মেহের মামুন, মুকসুদপুর , গোপালগঞ্জ:

গোপালগঞ্জের মুকসুদপুরে কৃষকের পেঁয়াজ ক্ষেতে দুর্বৃত্তদের বিষ প্রয়োগের ঘটনায় ব্যাপক ক্ষতির অভিযোগ উঠেছে। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক। ঘটনাটি ঘটেছে উপজেলার পশারগাতি ইউনিয়নের কাওয়ালদিয়া গ্রামে। এ ঘটনায় তিনি, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা কৃষি অফিসার ও মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ বরাবর অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী কৃষক মোঃ আকমাল হাওলাদার (৫৬) জানান, তিনি অন্যের জমি বর্গা নিয়ে প্রায় এক একর জমিতে পেঁয়াজের চাষ করেছিলেন। এই চাষাবাদে তার প্রায় ২ লাখ ২০ হাজার টাকা ব্যয় হয়। কিন্তু গত ১৮ মার্চ দিবাগত রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তার ক্ষেতে বিষ (কীটনাশক) প্রয়োগ করে, ফলে পুরো ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। কিন্ত রাতের আঁধারে কে বা কারা আমার পেঁয়াজ ক্ষেতে বিষ দিয়ে গেছে, আমি জানি না।

এত টাকা খরচ করে চাষ করলাম, এখন ২০ হাজার টাকার ফসলও উঠবে না। আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি। আকমাল হাওলাদার আরও জানান, তিনি একজন ভ্যানচালক এবং নিজের কোনো জমি না থাকায় ঋণ নিয়ে জমি বর্গা করে চাষাবাদ করছিলেন। এ ঘটনায় তিনি স্থানীয়দের অবগত করেছেন এবং উপজেলা কৃষি কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন।

এদিকে স্থানীয় এলাকাবাসী এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির জানান,  ভুক্তভোগী কৃষকের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে তাকে আর্থিক সহযোগিতা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধরোববার থেকে হামের টিকা দেবে সরকার
পরবর্তী নিবন্ধ