রাজধানীর বনানী এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইসমাইল হোসেনের (৫০) মরদেহ উদ্ধারের ঘটনায় রাজ ক্লাসিক নামের একটি বাসের চালকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ বলছে, ইসমাইলের কাছ থেকে ভাড়া নেওয়ার সময়, তার কোমরে থাকা জমি বিক্রির টাকার বান্ডিল দেখে ফেলেন ওই বাসের সুপারভাইজার। এরপর চালকের সঙ্গে পরিকল্পনা করে হত্যাকাণ্ড ও টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটে।
রোববার (৬ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।গ্রেফতার তিনজন হলেন- বাসচালক সোহেল রানা (৪১), সুপারভাইজার সাজু ওরফে লিমন (২৬) ও বাসচালকের সহকারী মো. মনির হোসেন (১৯)।

