গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’-তে সিল দিন : প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মতো গড়ে তুলতে গণভোটে অংশ নিন। ‘হ্যাঁ’ তে সিল দিন, অন্যদেরও উদ্বুদ্ধ করুন এবং ভোটকেন্দ্রে নিয়ে আসুন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন জনগণের হাতেই।

প্রধান উপদেষ্টা বলেন, গণভোটে জনগণের সম্মতি পেলে বৈষম্য, শোষণ ও নিপীড়নমুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের পথ সুগম হবে।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থান জাতির ইতিহাসে একটি অসাধারণ অর্জন। এই অভ্যুত্থান অপ্রত্যাশিতভাবে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার নতুন সুযোগ এনে দিয়েছে। সে লক্ষ্যে এরই মধ্যে বেশকিছু সংস্কার করা হয়েছে এবং আরও গভীর ও সুদূরপ্রসারী সংস্কারের জন্য সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে ‘জুলাই সনদ’ প্রণয়ন করা হয়েছে।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য জনগণের সম্মতি প্রয়োজন। এ কারণেই গণভোটের আয়োজন করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনই এ গণভোট অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধসোনার দাম ভরিতে বাড়লো ৪১৯৯ টাকা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত