আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও চীনকে গ্রিনল্যান্ড দখল করা থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ডের মালিকানা প্রয়োজন।
শুক্রবার (৯ জানুয়ারি) ট্রাম্প বলেন, কোনো ভূখণ্ডের ওপর মালিকানা থাকতে হয় এবং মালিকানাই রক্ষা করতে হয়, ইজারা নয়। আর আমাদের গ্রিনল্যান্ড রক্ষা করতেই হবে।
তিনি আরও বলেন, এটি করা হবে সহজ উপায়ে অথবা কঠিন উপায়ে। হোয়াইট হাউজ সম্প্রতি জানিয়েছে, ন্যাটো সদস্য ডেনমার্কের অধীন আধা-স্বায়ত্তশাসিত এই অঞ্চলটি কেনার বিষয়টি প্রশাসন বিবেচনা করছে, তবে প্রয়োজনে শক্তি প্রয়োগ করে সংযুক্ত করার সম্ভাবনাও নাকচ করছে না।
ডেনমার্ক ও গ্রিনল্যান্ড দু’পক্ষই বলেছে, অঞ্চলটি বিক্রির জন্য নয়। ডেনমার্কের মতে, সামরিক পদক্ষেপ নিলে ট্রান্স-আটলান্টিক প্রতিরক্ষা জোটের অবসান ঘটবে।
বিশ্বের সবচেয়ে কম জনবসতিপূর্ণ অঞ্চলগুলোর একটি হলেও, উত্তর আমেরিকা ও আর্কটিকের মাঝামাঝি অবস্থানের কারণে গ্রিনল্যান্ড ক্ষেপণাস্ত্র হামলার ক্ষেত্রে আগাম সতর্কতা ব্যবস্থা স্থাপন এবং ওই অঞ্চলে জাহাজ চলাচল নজরদারির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ট্রাম্প বারবার দাবি করে আসছেন যে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অত্যাবশ্যক। প্রমাণ ছাড়াই তিনি বলেছেন, অঞ্চলটি চারদিকে রাশিয়া ও চীনের জাহাজে ভরা।
গ্রিনল্যান্ডের উত্তর-পশ্চিম প্রান্তে অবস্থিত পিটুফিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বর্তমানে ১০০ জনের বেশি সামরিক সদস্য স্থায়ীভাবে মোতায়েন রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে এই ঘাঁটি যুক্তরাষ্ট্র পরিচালনা করে আসছে।


