যুক্তরাষ্ট্র অন্য দেশকে নিজেদের সাম্রাজ্য মনে করে: কলম্বিয়ার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

কলম্বিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের বাস্তব হুমকি এখনো বিদ্যমান বলে মন্তব্য করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন।

পেত্রো বলেন, যুক্তরাষ্ট্র অন্যান্য দেশকে একটি মার্কিন সাম্রাজ্যের অংশ হিসেবে দেখছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পরই এ মন্তব্য আসে।

তিনি মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইস-এর এজেন্টদের আচরণকে নাৎসি ব্রিগেড-এর সঙ্গে তুলনা করেন। ট্রাম্প প্রশাসন অপরাধ দমন ও অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযানের অংশ হিসেবে আইসের কার্যক্রম ব্যাপকভাবে বাড়িয়েছে।

ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও দেশটির নেতা নিকোলাস মাদুরোকে আটক করার পর প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, কলম্বিয়াকে লক্ষ্য করে সামরিক অভিযান ভালো ধারণা বলে মনে হচ্ছে।

এ ছাড়া ট্রাম্প একাধিকবার পেত্রোকে উদ্দেশ করে নিজের পিঠ বাঁচিয়ে চলতে বলেছেন বলে জানান পেত্রো, যা তিনি তীব্রভাবে নিন্দা করেন।

বুধবার সন্ধ্যায় ট্রাম্প ও পেত্রোর মধ্যে ফোনালাপ হয়। এরপর ট্রাম্প জানান, তিনি হোয়াইট হাউজে কলম্বিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন। ফোনালাপের পর নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প এই কথোপকথনকে একটি বড় সম্মান হিসেবে উল্লেখ করেন। সে সময় এক কলম্বিয়ান কর্মকর্তা জানান, উভয় পক্ষের বক্তব্যে ১৮০ ডিগ্রি পরিবর্তন লক্ষ্য করা গেছে।

তবে বৃহস্পতিবার পেত্রোর বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায় যে দ্বিপাক্ষিক সম্পর্কে উল্লেখযোগ্য উন্নতি হয়নি।

পূর্ববর্তী নিবন্ধট্রলারের আঘাতে ক্ষতিগ্রস্ত পাইপলাইন, ঢাকায় তীব্র গ্যাস সংকট
পরবর্তী নিবন্ধপররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আবারও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ