নিজস্ব প্রতিবেদক
নতুন শিক্ষাবর্ষ শুরু হচ্ছে আগামী ১ জানুয়ারি। সেদিনই প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেওয়ার কথা। কিন্তু বই ছাপা ও বিতরণের দায়িত্বে থাকা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বলছে, এখনো ১০ কোটিরও বেশি বই ছাপানো বাকি। মাত্র এক সপ্তাহে এতসংখ্যক বই ছাপা, বাঁধাই, কাটিং করে উপজেলা পর্যায়ে পাঠানো সম্ভব নয়। ফলে এবারও মাধ্যমিকের সব শিক্ষার্থী বছরের শুরুতে হাতে বই পাচ্ছে না। বই ছাড়াই অসংখ্য শিক্ষার্থীর শিক্ষাবর্ষ শুরু হবে।
পাঠ্যপুস্তক বোর্ডের তথ্যমতে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সব বই ছাপা শেষ। প্রাথমিকের বই সব উপজেলায় পৌঁছে দেওয়ার কাজও শেষ। কিন্তু ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম-দশমের পৌনে ১০ কোটি বই এখনো প্রস্তুত হয়নি। পাশাপাশি ইবতেদায়ি ও কারিগরির কিছু বই ছাপানো বাকি।
খোঁজ নিয়ে জানা যায়, এবার প্রাক-প্রাথমিক থেকে নবম-দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ২৯ কোটি ৮০ লাখ ১১ হাজার ৫৬৬ কপি বই ছাপানোর কাজ করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। ৩০ নভেম্বরের মধ্যে এসব বই ছাপা শেষ করার রূপরেখা হাতে নিয়েছিল সরকার। এরপর তা দেশের সব উপজেলা শিক্ষা অফিসে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। তবে এক দফা টেন্ডার বাতিলসহ নানা জটিলতায় বিগত কয়েক বছরের মতো এবারও তা ভেস্তে গেছে, যার মাশুল গুনতে হবে শিক্ষার্থীদের।
মাধ্যমিকের (সাধারণ, মাদরাসা ও কারিগরি) ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম-দশম শ্রেণির বই ছাপানোর বিষয়টি দেখভাল করে এনসিটিবির বিতরণ শাখা। পাশাপাশি এ শাখা থেকে মাদরাসার ইবতেদায়ির বই ছাপার বিষয়টিও সমন্বয় করা হয়।
এবার প্রাক-প্রাথমিক থেকে নবম-দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ২৯ কোটি ৮০ লাখ ১১ হাজার ৫৬৬ কপি বই ছাপানোর কাজ করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। ৩০ নভেম্বরের মধ্যে এসব বই ছাপা শেষ করার রূপরেখা হাতে নিয়েছিল সরকার
বিতরণ শাখা সূত্র জানায়, এবার মাধ্যমিক, দাখিল, কারিগরির ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ১৮ কোটি ৯ লাখ ৬৬ হাজার ৮৪০ কপি বই ছাপা হবে। এরমধ্যে ষষ্ঠ শ্রেণির বইয়ের সংখ্যা চার কোটি ৪৩ লাখ ১৭ হাজার ৫০৯ কপি, সপ্তম শ্রেণিতে চার কোটি ১৫ লাখ ৮৪ হাজার ৬৯২, অষ্টম শ্রেণিতে চার কোটি দুই লাখ ৩৪ হাজার ৬৯৮ এবং নবম-দশমের পাঁচ কোটি ৫৪ লাখ ৯০ হাজার ৮৬৯ কপি। এছাড়া ইবতেদায়ির বইয়ের সংখ্যা তিন কোটি ১১ লাখ ১৯ হাজার ৩৪৭ কপি।
মাধ্যমিকের কোন শ্রেণির কতটি বই ছাপা বাকি
ষষ্ঠ শ্রেণিতে বইয়ের সংখ্যা চার কোটি ৪৩ লাখ ১৭ হাজার ৫০৯ কপি। এরমধ্যে ছাপা ও বাঁধাই হয়েছে দুই কোটি ৯৪ লাখ চার হাজার ৬৬৭ কপি, যা শতাংশের হিসাবে ৬৬ দশমিক ৩৫ শতাংশ। ষষ্ঠ শ্রেণির আরও এক কোটি ৪৯ লাখ ১২ হাজার ৮৪২টি বই ছাপানো বাকি।
সপ্তম শ্রেণিতে মোট বই চার কোটি ১৫ লাখ ৮৪ হাজার ৬৯২ কপি, যার মধ্যে ছাপানো ও বাঁধাই শেষ হয়েছে মাত্র ১ কোটি ২৯ লাখ ৩ হাজার ৭২৯টি। ছাপানো বাকি রয়েছে দুই কোটি ৮৬ লাখ ৮০ হাজার ৯৬২ কপি বই। সপ্তম শ্রেণিতে মাত্র ৩১ দশমিক শূন্য ৩ শতাংশ বই সরবরাহ করা হয়েছে।
পুনরায় দরপত্র আহ্বান করায় ষষ্ঠ, সপ্তম ও অষ্টমের বই ছাপার কাজে আমরা পিছিয়ে আছি। ছাপাখানা মালিকদের সঙ্গে কথা বলে তাদের সক্ষমতা অনুযায়ী সর্বোচ্চসংখ্যক বই ছাপার কাজ চলছে। আশা করি, জানুয়ারির মাঝামাঝি সময়ে সব বইয়ের কাজ শেষ করা সম্ভব হবে।—পাঠ্যপুস্তক বোর্ডের বিতরণ নিয়ন্ত্রক মোহাম্মদ মতিউর রহমান খান পাঠান
অষ্টম শ্রেণির বই ছাপার অবস্থা বেশি বেগতিক। এ শ্রেণিতে মোট চার কোটি দুই লাখ ৩৪ হাজার ৬৯৮ কপি বই প্রয়োজন। সেখানে ছাপা হয়েছে মাত্র ৩৯ লাখ ৬৭ হাজার ১৪১টি বই। ছাপানো ও বাঁধাই বাকি রয়েছে ৩ কোটি ৬২ লাখ ৬৭ হাজার ৫৫৬টি বই। শতাংশের হিসাবে মাত্র ৯ দশমিক ৮৬ শতাংশ বই ছাপা হয়েছে, আর বাকি রয়েছে ৯০ দশমিক ১৪ শতাংশ বইয়ের কাজ।
নবম-দশম শ্রেণির বই ছাপার কাজ কিছুটা এগিয়েছে। নবম-দশমে পাঁচ কোটি ৫৪ লাখ ৯০ হাজার ৮৬৯ কপি বইয়ের দরকার। তার বিপরীতে ছাপানো হয়েছে ৩ কোটি ৭৮ লাখ ১১ হাজার ৪৭৮ কপি বই। ছাপানো বাকি রয়েছে ১ কোটি ৭৬ লাখ ৭৯ হাজার ৩৯০ কপি বই। নবম-দশমের ৬৮.১৪ শতাংশ বই ছাপা শেষ। ৩১ দশমিক ৮৬ শতাংশ বইয়ের কাজ এখনও বাকি।
মাদরাসার ইবতেদায়িতে এবার বইয়ের চাহিদা ৩ কোটি ১১ লাখ ১৯ হাজার ৩৪৭টি। ছাপানো হয়েছে দুই কোটি ৯৫ লাখ ৬৩ হাজার ৩৮০টি। বাকি রয়েছে ১৫ লাখ ৫৫ হাজার ৯৬৭টি বই। ইবতেদায়ির ৯৩ দশমিক ২৭ শতাংশ বইয়ের কাজ শেষ হয়েছে। বাকি ৬ দশমিক ৭৩ শতাংশ বইয়ের কাজ বাকি।


