সচিবালয়ে আন্দোলনকারী ১৪ কর্মচারী বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

‌‘সচিবালয় ভাতা’র দাবিতে আন্দোলন করা ১৪ কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। তাদের বিরুদ্ধে করা মামলায় আদালত চার্জশিট গ্রহণ করায় নিয়ম অনুযায়ী তাদের সামরিক বরখাস্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো জানিয়েছে।

গত সোমবার (১৫ ডিসেম্বর) কর্মচারীদের সাময়িক বরখাস্ত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সচিবালয় ভাতার দাবিতে গত ১০ ডিসেম্বর প্রায় ছয় ঘণ্টা সচিবালয়ের দপ্তরে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখেন কর্মচারীরা। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের নেতৃত্বে মূলত এ আন্দোলন হয়।

পরদিন ফের আন্দোলনে নামলে নেতৃত্ব দেওয়া কর্মচারীদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাদের ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখানো হয়। তাদের রিমান্ডেও পাঠিয়েছিলেন আদালত।

বরখাস্ত হওয়া কর্মচারীদের মধ্যে কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির, সহ-সভাপতি শাহীন গোলাম রাব্বানী ও নজরুল ইসলাম রয়েছেন।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মচারীদের মধ্যে অন্যরা হলেন- স্বাস্থ্য মন্ত্রণালয়ের মো. তায়েফুল ইসলাম, বিকাশ চন্দ্র রায়, ইসলামুল হক, মো. মহসিন আলী, রোমান গাজী, আবু বেলাল।

পূর্ববর্তী নিবন্ধলালবাগে প্লাস্টিকের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট
পরবর্তী নিবন্ধবাংলাদেশের হাইকমিশনারকে তলব, নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানালো ভারত